শাহ পরীর দ্বীপ: মানবপাচারের ‘জালে জড়ানো’ জনপদ
নৌযানে করে বঙ্গোপসাগর পাড়ি দিয়ে মানবপাচার নিয়ে বিশ্বব্যাপী আলোচনার মধ্যে বাংলাদেশ থেকে সহজ-সরল মানুষকে ভুল বুঝিয়ে, কখনও জোর করে অনিশ্চিতযাত্রায় নিয়ে যাওয়ার কাহিনী; তাদের দুর্দশার চিত্র উঠে এসেছে নিউ ইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনে।
এলেন ব্যারির লেখা ওই প্রতিবেদনে মিয়ানমার সীমান্তবর্তী শাহ পরীর দ্বীপকে বলা হয়েছে মানবপাচারের জালে জড়ানো জনপদ; যেখানকার অধিবাসী- জেলে, দোকানি, পুলিশ কর্মকর্তাসহ প্রায় সবার উপর লাখ লাখ ডলারের ‘মানবপাচার ব্যবসা’র প্রভাব রয়েছে; কেউ এর অংশীদার আর কেউ উদ্ভূত পরিস্থিতি নিয়ে আতঙ্কিত।
শুক্রবার প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, কয়েক বছর ধরে মানবপাচার ক্রমশ বেড়ে বাধাহীন স্রোতে রূপ নিয়েছে।
কয়েক মাস আগে ভয়াবহ কিছু বিষয় প্রকাশিত হওয়ার পর দক্ষিণপূর্ব এশিয়ায় মানবপাচারের বিষয়টি বিশ্ববাসীর নজরে আসে। মালয়েশিয়ার সীমান্তবর্তী থাইল্যান্ডের জঙ্গলে পাচারকারীদের আস্তানায় গণকবরের খোঁজ মেলে। ওই সব আস্তানায় অভিবাসন প্রত্যাশীদের জিম্মি করে তাদের পরিবারের কাছে পাচারকারীদের ৩ হাজার ডলার পর্যন্ত মুক্তিপণ দাবির কথা প্রকাশ হয়। সেখানে আটকদের উপর অমানুষিক নির্যাতনের তথ্যও বেরিয়ে আসে।
মানবপাচার ঠেকাতে মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া তৎপরতা জোরদার করলে সাগরে খাবারহীন অবস্থায় হাজারো মানুষকে নৌযানে ফেলে যায় পাচারকারীরা।
গত ১২ মে শাহ পরীর দ্বীপের কাছ থেকে একটি ট্রলার থেকে ১১৬ জনকে উদ্ধার করা হয়, যাদের অবৈধভাবে মালয়েশিয়া পাঠানোর জন্য নেওয়া হয়েছিল।
তবে এটা এখন জবরদস্তিমূলক কর্মকাণ্ডে রূপ নিয়েছে বলে বলা হয়েছে প্রতিবেদনে।
এতে বলা হয়, বেপরোয়া শরণার্থীদের (বিশেষত মিয়ানমারে দারিদ্র্য ও নির্যাতন থেকে বাঁচতে পালিয়ে আসা রোহিঙ্গা) জড়ো করে নৌযান ভরতে নানা কৌশল নেয় পাচারকারীরা।
“তারা কখনো কখনো অভিবাসীদের সঙ্গে কাজ করে, যারা এরইমধ্যে মালয়েশিয়া গেছেন এবং তারপর তাদের নিজেদের আত্মীয় ও বন্ধুদের টার্গেট করে। পিরামিড স্কিম স্টাইলে এটা হয়ে থাকে। নতুন নতুন লোক এই নেটওয়ার্কে ঢোকায় বড় অংকের অর্থ পকেটস্থ করে তারা। এক্ষেত্রে অপহরণের ঘটনাও অহরহ ঘটছে।”
শাহ পরীর দ্বীপে নিজের দোকান থেকে মানবপাচারের ঘটনার সাক্ষী মোহাম্মদ হোসেন নিউ ইয়র্ক টাইমসকে বলেন, গভীর রাতে পানির উপর আলো ফেলে সংকেত দেওয়া হয়, যাতে বোঝানো হয় ‘নির্বিঘ্ন’ ঊপকূলে নৌকা ছাড়া যায়। এসব নৌকায় যে মাছ নেওয়া হয় না তা প্রায় সবারই জানা।
তিনি বলেন, এটা দেখা তার কাছে একটা ‘বোঝার’ মতো হয়ে উঠেছে।
সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে হোসেন বলেন, অবৈধভাবে বিদেশের পথে যাত্রাকারীরা তার দোকান থেকে জিনিসপত্র কেনার সময় কয়েক মিনিট তাদের সঙ্গে তার কথা হয়।
“আমি ওই সব তরুণদের অনেককে বলেছি, যেও না। আমি তাদের বলেছি, পথে অনেক নৌকা ডুবে যায়। কিন্তু তারা শোনেনি।”
“তারা স্বপ্ন দেখে। তারা বিদেশে টাকা আয় করতে চায়।”
পাচারের এই রুটে মানুষকে ফাঁদে ফেলারও কাহিনী রয়েছে বলে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে।
এতে বলা হয়, ৬০ হাজার অধিবাসীর ঊপকূলীয় শহর শাহ পরীর দ্বীপ মিয়ানমার ও বাংলাদেশকে বিভক্তকারী নাফ নদীর মুখে অবস্থিত। ১৯৯২ সালে মিয়ানমারে অগ্নিসংযোগ, লুটতরাজ, ধর্ষণ ও সেনাবাহিনীর বিচারবহির্ভূত হত্যা থেকে বাঁচতে এই নদী পেরিয়ে বাংলাদেশে ঢোকে কয়েক লাখ রোহিঙ্গা।
গত ২৩ বছর ধরে ৩২ হাজার নিবন্ধিত এবং আনুমানিক তিন লাখ রোহিঙ্গা অবৈধভাবে বাংলাদেশে বাস করছে। তাদের অনেকে নানা অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছে।
কক্সবাজারে শরণার্থী শিবিরে রোহিঙ্গারা
“২০১৪ সাল নাগাদ এই নেটওয়ার্ক বিশাল আকার নেয়, যাতে অন্তত ৬০০ পাচারকারী এবং এক হাজার ৬০০ এজেন্ট ও জেলে সম্পৃক্ত হয়।”
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের একটি রোহিঙ্গা শরণার্থী শিবিরে বেড়ে ওঠা মোহাম্মদ আতাউল (২৬) পাচার চক্রের ১৫ স্তরের সবচেয়ে নিচের ধাপে কাজ করেন। সাগরপথে অবৈধ বিদেশ যাত্রায় মানুষকে রাজি করানো তার কাজ।
তার কাজ শুরু হয় খুব সরল সমীকরণ দিয়ে; ‘মালয়েশিয়ায় একদিনের কাজে বাংলাদেশে উপার্জন ৩০০ টাকার তিনগুণ আয় করা যাবে’ বলে প্ররোচিত করেন তিনি।
আতাউল নিউ ইয়র্ক টাইমসকে বলেন, খুব বেশি বোঝানো লাগে না এবং নিরাপত্তা কখনোই মুখ্য বিষয় হয়ে দাঁড়ায় না।
“সাগরে কোনো গ্যারান্টি নেই।”
“আমি তাদের বলি, যদি সাগরে না মর তাহলে শেষে একটি কাজ পাব তোমরা।”
এক বছর তিন মাসে আতাউল ও তার সহযোগী চারশ মানুষকে যোগাড় করেছেন এবং তাদের কাছ থেকে ফি বাবদ ৩২০০ থেকে ৫২০০ টাকা পর্যন্ত নিয়েছেন তারা।
“আমি বেশি লোক যোগাড় করতে পারলে আমার আয়ও ভালো হয়।”
আতাউলের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস বলেছে, প্রতি যাত্রার আগে এজেন্টরা নিয়মিতভাবে মাথাপিছু হিসাবে পুলিশ বা বর্ডার গার্ডকে টাকা দিয়ে থাকেন।
“এর থেকে সবাই টাকা নেয়। সবাই এটা জানে,” আতাউলকে উদ্ধৃত করে বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, এই ব্যবসা কবে থেকে জবরদস্তিমূলক হয়ে উঠেছে নির্দিষ্ট করে তা বলা কঠিন। তবে শাহ পরীর দ্বীপ থেকে ৪০ মাইল উত্তরে উখিয়ার ফার্মেসি মালিক আব্দুল হামিদ গত বছর গ্রীষ্মকালের এক রাতের কথা স্মরণ করেন; দোকান বন্ধ করতে যাওয়ার সময় এক ব্যক্তি দৌঁড়ে এসে তার পায়ের কাছে পড়েন। তিনি লোকটির দিকে তাকিয়ে দেখেন তার পা, ঘাড় ও পিঠে জখমের চিহ্ন। পাচারকারীরা জোর করে নৌকায় উঠানোর সময় পালিয়ে এসেছেন বলে জানান তিনি।
তার কাছে অপহৃত স্থানীয়দের সংখ্যা শুনে বিস্মিত হন হামিদ।
তিনি নিউ ইয়র্ক টাইমসকে বলেন, “আমরা যখন চিত্রটি জানতে পারলাম, তা ছিল খুবই ভয়ানক।”
“এটা পাচার নয়। এটা পশুর মতো মানুষ বেচাকেনা।”
আন্দামান সাগরে মানবপাচার পর্যবেক্ষণকারীরাও ২০১৩ সালের পর পাচার হওয়া মানুষের সংখ্যা ব্যাপকভাবে বাড়ার কথা জানিয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
“আগে যেখানে একটি বা দুটি বড় নৌকায় মানুষ আসত, এখন সেখানে একসঙ্গে ২৫টির মতো জাহাজ আসে,” বলেছেন আরাকান প্রজেক্টের পরিচালক ক্রিস লেওয়া।
সমুদ্র থেকে উদ্ধারের পর আশ্রয় শিবিরে অভিবাসন প্রত্যাশীরা, ফাইল ছবি, রয়টার্স।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার মুখপাত্র জো লোরি বলেছেন, “নৌযানগুলো বড় হয়েছে, অংশীদার ও অর্থও বেড়েছে।”
নৌযান ভরতে পাচারকারীরা এখন নতুন পথ খুঁজছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
এতে বলা হয়, পাচার চক্রের এজেন্ট হিসেবে কাজ করা আতাউলের দায়িত্ব বেড়ে এখন যারা এই যাত্রার জন্য ২৫০০ ডলার দিতে পারেন না, হুমকি-ধমকি দিয়ে তাদের পরিবারের কাছ থেকে অর্থ আদায়ের দায়িত্ব এসেছে।
আতাউলের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, অভিবাসীরা প্রথমে ক্ষুদ্র একটা অংশ দেয়। তারপর তাদের থাইল্যান্ডে আস্তানায় আটকে পাচারকারীরা তাদের পরিবারের কাছ থেকে ২৫০০ থেকে ৪০০০ ডলার মুক্তিপণ দাবি করে।
“এসব পরিবারের এক তৃতীয়াংশ অর্থ দিতে পারে। বাকিদের উপর নির্যাতন চলে, অভুক্ত রাখা হয় তাদের। কখনো কখনো কয়েক মাস ধরে এ অবস্থা চলে। এটা আমার খারাপ লাগে। এরকম হবে তা আমার জানা ছিল না,” বলা হয়েছে আতাউলকে উদ্ধৃত করে।
তিনি বলেন, জিম্মিদের পরিবারের কাছ থেকে মুক্তিপণের টাকা আদায় করার দায়িত্ব বর্তায় তার উপর। আটকেপড়াদের পরিবারের সদস্যরাও তার কাছে সহযোগিতা চান। এজন্য প্রায় প্রতি মাসেই টেলিফোন নম্বর পাল্টান তিনি।
এরপরেও আতাউল নতুন নতুন লোক যোগাড় করেন; যাদের প্রায় ৪০ শতাংশের মতো গন্তব্যে পৌঁছানোর আগে পুলিশ হেফাজতে যায়।
প্রতিবেদনে বলা হয়, শুধু দেশহীন রোহিঙ্গারা নয়, সাধারণ বাংলাদেশিরাও নৌযানে চড়ে মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করছে।
জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্য মতে, এ বছরের প্রথম দিক নাগাদ অভিবাসন প্রত্যাশীদের ৪০ থেকে ৬০ শতাংশ বাংলাদেশি।
এক রোহিঙ্গা বন্ধুকে মালয়েশিয়া থেকে নগদ টাকা আনতে দেখে আগ্রহী হন চোইপু সিং (৫৫) নামের এক বাংলাদেশি। ওই বন্ধু তাকে লোভনীয় প্রস্তাব দেন: আকর্ষণীয় মাছের ব্যবসা আছে এবং তিনি একজন পার্টনার খুঁজছেন বলে তাকে জানান।
চোইপু সিং যখন যাত্রা শুরু করেন তখন বুঝতে পারেন তিনি মোটেও তার ব্যবসায়িক পার্টনার নন।
তিনি বলেন, পাচার চক্রের সদস্যরা তাকে জোর করে ডেকের নিচে ঢুকিয়ে দেয়, যেখানে ১৮২ জনকে আটকে রাখা হয়েছিল। জাহাজটি তীব্র স্রোতের বিপরীতে চলতে শুরু করলে ডেকের নিচে গাদাগাদি অবস্থায় ভারসাম্য রাখা কঠিন হয়ে পড়ে। অনেকে বমি করতে থাকেন, কান্নাকাটিও শুরু হয়।
মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার জন্য ডেকের উপরে উঠতে চাইলে জাহাজের লোকজন লাঠি দিয়ে তাকে আঘাত করেন এবং তিনি আবার তার জায়গায় ফিরে যান।
পাচারকারীদের নৌকায় প্রায় দুই মাস সাগরে ভেসে আটকের পর গত জুনের প্রথমার্ধে মিয়ানমার থেকে দেশ ফেরেন প্রায় দেড়শ জন।
চলতি বছরের প্রথম পাঁচ মাসে পাচারকারী সন্দেহে বাংলাদেশে ৩৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে সিআইডির বিশেষ পুলিশ সুপার মির্জা আব্দুল্লাহেল বাকীর বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে।
সিআইডির ট্রাফিকিং ইউনিটের প্রধান বাকী বলেন, গ্রেপ্তারদের বেশিরভাগই মাছ ধরার নৌকার মালিক বা বিদেশে লোক পাঠানোর এজেন্ট। সাগরপথে অবৈধভাবে বিদেশে লোক পাঠিয়ে তারা বিপুল অর্থের মালিক হয়েছেন।
তবে কোনো রাজনীতিবিদ, পুলিশ কর্মকর্তা বা সীমান্তরক্ষী বাহিনীর কেউ এখনও গ্রেপ্তার হয়নি।
পুলিশের সম্পৃক্ততার অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে জানিয়ে বাকী বলেন, “প্রশাসন ও পুলিশ বিভাগের কেউ কেউ জড়িত থাকতে পারে।”
সাম্প্রতিক মাসগুলোতে মানবপাচারকারী কয়েকজনের ‘বন্দুকযুদ্ধে’ নিহত হওয়ার বিষয়টিও নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে এসেছে।
এতকিছুর পরেও জীবনের ঝুঁকি নিয়ে সাগরপথে বিদেশযাত্রায় আগ্রহের কথা উঠে এসেছে এই প্রতিবেদনে।
গত মে মাসে মানবপাচারের বিষয়টি যখন সামনে আসে তখন মালয়েশিয়াগামী একটি নৌযানে উঠার অপেক্ষায় ছিলেন তাহেরা বেগম (১৮) নামের এক রোহিঙ্গা তরুণী।
বর্তমানে শরণার্থী শিবিরে অবস্থানকারী এই নারী আরেকটি সুযোগের অপেক্ষায় থাকার কথা জানিয়েছেন।
প্রতিবেদনে বলা হয়, অবৈধভাবে সাগরপথে গিয়ে দুর্দশায় পড়ে ফিরে আসাদের কাছে কষ্টের শুনেছেন তাহেরা। তবে আবার নৌকা চলা শুরু করলে এক মুহূর্তও চিন্তা না করে যাবেন তিনি।
“আমি আবার চেষ্টা করব। ভয় রয়েছে, তবুও আবার চেষ্টা করব।”
