২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাকার চূড়ান্ত রায়ের আগে শাহবাগে অবস্থান চলছে

যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ডের রায় যাতে কোনো ষড়যন্ত্রে পরিবর্তিত না হয়, সেজন্য দেশবাসীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2015, 11:38 PM

Updated : 12 Oct 2022, 04:06 PM

সাবেক এই মন্ত্রীর আপিলের রায়কে সামনে রেখে তৃতীয় দিনের মতো শাহবাগে অবস্থান কর্মসূচিতে বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

ইমরান বলেন, “দেশব্যাপী পাহারা বসান। যাতে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে এই দেশবিরোধী চক্রের কেউ পালিয়ে বাঁচতে না পারে। যতদিন পর্যন্ত এই ঘৃণ্য রাজাকারদের বিচার নিশ্চিত করা না যাবে, ততদিন পর্যন্ত মুক্তিযুদ্ধের বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাস্তব রূপ পাবে না।”

আগামী ২৯ জুলাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদেরের আপিলের রায়ের দিন ঠিক রয়েছে। আপিল বিভাগের রায়ের আগে নানা ষড়যন্ত্রের সন্দেহ করছে গণজাগরণ মঞ্চ।

জনগণকে ‘সজাগ’ থাকার আহ্বান জানিয়ে ইমরান মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির ‘ষড়যন্ত্র’ রুখতে জনগণকে যে কোনো মুহূর্তে রাজপথে নেমে আসার প্রস্তুতি রাখারও আহ্বানও জানান।

আগের দুই দিনের মতোই বিকাল ৪টায় শাহবাগে গণজাগরণ মঞ্চের অবস্থান শুরু হয়। নানা স্লোগানের মধ্যে তা সন্ধ্যার পর পর্যন্ত চলে।

অবস্থান কমসূচিতে ভাস্কর রাশা, ছাত্র ইউনিয়ন নেতা লাকী আক্তার, যুব ইউনিয়ন নেতা খান আসাদুজ্জামান মাসুমসহ অনেকেই বক্তব্য রাখেন।

অবস্থান কর্মসূচির মধ্যেই একটি মিছিল বের হয়ে টিএসসি ঘুরে আবার শাহবাগে এসে শেষ হয়।

এই রায়ের আগে ২৮ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বিকাল ৪টা থেকে শাহবাগে সমাবেশ, বিক্ষোভ-মিছিল ও স্লোগানসহ অবস্থান চলিয়ে যাওয়ার ঘোষণা রয়েছে গণজাগরণের।

ইমরান বলেন, “কুখ্যাত যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের মহান মুক্তিযুদ্ধের সময় যে তাণ্ডব চালিয়েছিল, চট্টগ্রাম ও তৎসংলগ্ন এলাকার মানুষ এখনও তার নির্মম সাক্ষী। আমরা আশা করছি ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন, আপিল বিভাগও সেই রায় বহাল রাখবেন।”

সালাউদ্দিন কাদেরের মৃত্যুদণ্ডের রায় কার্যকরের মাধ্যমে বাংলাদেশে ‘মাফিয়া রাজনীতির’ অবসান হবে বলেও মন্তব্য করেন তিনি।