‘রাজনের হত্যাকাণ্ড সমাজ-রাষ্ট্রের ব্যর্থতার ফল’
শিশু সামিউল আলম রাজনের হত্যাকাণ্ডকে সহিংসতার শিকার শিশুদের রক্ষায় বাংলাদেশের সমাজ ও রাষ্ট্রের ব্যর্থতার ফল বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক শিশু অধিকার সংস্থা সেইভ দ্য চিলড্রেন।
রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে সাক্ষাৎকালে সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর মাইকেল ম্যাকগ্রা এ মন্তব্য করেন।
তিনি বলেন, “রাজন যে ধরনের চরম সহিংসতার শিকার হয়েছে, বাংলাদেশব্যাপী শিশুরা যেভাবে প্রতিদিন সহিংসতার শিকার হয়, তা জনসমাজ, স্থানীয় সরকার কর্তৃপক্ষ ও পুলিশের ব্যর্থতারই ফল।”
গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে ১৩ বছরের রাজনকে পিটিয়ে হত্যা করে কয়েকজন যুবক। পরে ওই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তারা ইন্টারনেটে ছড়িয়ে দেয়।
হত্যাকাণ্ডে জড়িতদের অধিকাংশকেই ইতোমধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে।
হত্যাকাণ্ডের পর স্থানীয় পুলিশের গাফিলতির অভিযোগ তদন্তসহ দোষীদের বিচারের আওতায় আনার বিভিন্ন পদক্ষেপ নেওয়ায় সরকারকে ধন্যবাদ জানান ম্যাকগ্রা।
তিনি বলেন, শিশুদের প্রতি সহিংসতার ব্যাপারে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি যেন স্পষ্টভাবে প্রচারিত হয়। দেশের প্রতিটি থানায় একজন করে বিশেষ ‘নারী ও শিশু বিষয়ক’ পুলিশ কর্মকর্তা নিয়োগ করা হয়, যেমনটি রয়েছে ইন্দোনেশিয়ায়।
বাংলাদেশের আইন প্রয়োগকারীদের মধ্যে শিশু সুরক্ষা বিষয়ে সংবেদনশীলতা বাড়ানোর জন্য ম্যাকগ্রা কারিগরি সহায়তার প্রস্তাব দেন।
তিনি জানান, চীনের সাংহাই পুলিশ বাহিনীসহ বিশ্বের নানান দেশের আইন প্রয়োগকারীদের শিশু অধিকার বিষয়ে প্রশিক্ষণে সেইভ দ্য চিলড্রেনের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী একমত প্রকাশ করে বলেন, প্রকৃতপক্ষেই এ ধরনের প্রশিক্ষণের প্রয়োজন রয়েছে। সেইভ দ্য চিলড্রেনের কারিগরি সহায়তার প্রস্তাব তিনি বিবেচনা করা হবে বলেও আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
