চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ বসতি সরাতে মাইকিং চলছে
তিন দিনের টানা বৃষ্টিতে চট্টগ্রামে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের সরে যেতে মাইকিং চালিয়ে যাচ্ছে জেলা প্রশাসন।
রোববার পর্যন্ত টানা পাঁচ দিন সকাল থেকে নগরীর বাটালি হিল, মতিঝর্ণা ও আকবর শাহ এলাকায় এ মাইকিং হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান সিদ্দিক।
গত ১৮ জুলাই গভীররাতে টানা বর্ষণের মধ্যে নগরীর আমিন কলোনি ও লালখান বাজারে পাহাড় ও দেয়াল ধসে ছয়জন নিহত হয়।
আবু হাসান সিদ্দিক বলেন, “পাহাড় ধসে আবারও যাতে প্রাণহানি না হয় সে জন্যে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসরতদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার জন্যে মাইকিং অব্যাহত রয়েছে।”
সরে যাওয়া লোকজনের জন্য লালখান বাজার এলাকায় অস্থায়ী আশ্রয় শিবির করা খোলা হয়েছে বলে জানান আবু হাসান।
পাশাপাশি সরে যাওয়া লোকজন যেনো বর্ষার মধ্যে আবার ঘরে ফিরতে না পারে তা নিশ্চিতে নজরদারি চলছে বলেও জানান তিনি।
বর্ষাকে সামনে রেখে পাহাড়ে ঝুঁকিপুর্ণ বসতি উচ্ছেদে গত ৮ জুনের পর থেকে পাহাড় ব্যাবস্থাপনা কমিটির ১৪ তম সভার সিদ্ধান্ত অনুযায়ী অভিযান শুরু করে জেলা প্রশাসন।
পাহাড়ের পাদদেশ থেকে সরে যেতে বাধ্য করতে এসব এলাকায় বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগও বিচ্ছিন্ন করা হয়।
নগরীতে প্রতিদিন গড়ে ২০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হচ্ছে।
