কোটি টাকার চুল যাচ্ছে চীন
চুয়াডাঙ্গার সীমান্তবর্তী উপজেলা দামুড়হুদায় গড়ে উঠেছে চুল প্রক্রিয়াকরণ কারখানা। এসব কারখানা থেকে প্রতিদিন কোটি টাকার চুল যাচ্ছে চীনে।
২০০০ সাল থেকে চুল রপ্তানি প্রক্রিয়ায় জড়িত হয়ে জেলার ৫০ হাজার মানুষ জীবিকা নির্বাহ করছে।
চুয়াডাঙ্গার ‘একতা হেয়ার প্রসেসিং’ ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি শহীদ বিশ্বাস বলেন, ব্যবসায়ীরা সারা দেশ থেকে চুল সংগ্রহ করে চুয়াডাঙ্গায় নিয়ে আসে। পরে তা প্রক্রিয়াজাত করে চীনা ব্যবস্যায়ীদের কাছে বিক্রি করে।
“চীনা ব্যবসায়ীদের অনেকেই সরাসরি চুয়াডাঙ্গায় কার্পাসডাঙ্গা চুলের হাট থেকে চুল সংগ্রহ করে, আবার অনেকে ঢাকা থেকে চুল সংগ্রহ করে, যা দিয়ে পরচুলা তৈরি করা হয়।
“চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা এলাকার আশপাশে গড়ে উঠেছে প্রায় এক হাজার চুল প্রক্রিয়াকরণ কারখানা, যেখানে প্রায় ৫০ হাজার শ্রমিক প্রতিদিন কাজ করেন। এসব কারখানা থেকে প্রতিদিন কোটি টাকার চুল যাচ্ছে চীনে।”
চুয়াডাঙ্গার কার্পাসডাঙ্গা গ্রামের চুল ব্যবসায়ী মোহাম্মদ শামিম বলেন, দেড় হাজার টাকা কেজি দরে চুল বিক্রি হয়। ছয় ইঞ্চির নিচে লম্বা চুল চীনা ব্যবসায়ীরা কেনে না। চুল যত বেশি লম্বা দামও পাওয়া যায় তত বেশি।
২০০০ সাল থেকে চুলের ব্যবসা করে জেলার ৫০ হাজার মানুষ ভাগ্যের চাকা ঘুরিয়েছেন বলে জানান তিনি।
ব্যবসায়ী শামিম আরও জানান, চীন থেকে ক্রেতারা সরাসরি কারখানায় এসে তাদের কমিশনভুক্ত ব্যবসায়ীর মাধ্যমে এই চুল কিনে নিয়ে যায়। তবে অনেক কারখানা মালিক আবার বাড়তি লাভের আশায় নিজেরা ঢাকায় গিয়ে চুল বিক্রি করে থাকে।
চুল প্রক্রিয়াজাতকরণ
চুল ব্যবসায়ী নেতা শহীদ বিশ্বাস জানান, প্রথমে সংগ্রহ করা চুলের গুটি ছাড়িয়ে আলাদা করা হয়। এরপর চুলগুলো শ্যাম্পু দিয়ে পানিতে ভিজিয়ে রেখে পরিষ্কার করা হয়।
এসব চুল একই সঙ্গে রাবার দিয়ে ছোট ছোট গোছায় বেঁধে আলাদা করা হয়। এই ছোট ছোট গোছা করা চুলকে বলা হয় ‘নচি/লাচি’।
পরে এই ‘নচি/লাচি’ করা চুল পুনরায় শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করে ধুয়ে বাতাসে শুকানো হয়। শুকানোর পর কাটিং মেশিনে দিয়ে গ্রেডিং করা হয়, যা রেমি নামে পরিচিত। পরে তা বাজারজাত করা হয়।
