জয়পুরহাটে ট্রেনের ধাক্কায় বৃদ্ধসহ নিহত ২
জয়পুরহাট সদরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধসহ দুই জন নিহত হয়েছেন।
রোববার পুরানাপৈলের পারুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ ও রেল কর্তৃপক্ষ জানিয়েছে।
নিহতরা হলেন জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম পারুলিয়া গ্রামের মৃত জিয়ার উদ্দিনের ছেলে মজিবর রহমান (৭০) এবং পুরানাপৈল এলাকার মৃত আবুল হোসেনের ছেলে আমিনুল ইসলাম (৪০)।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে জয়পুরহাট সদর থানার ওসি আনোয়ার হোসেন ও জয়পুরহাট রেল স্টেশন মাস্টার নুরুল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টার দিকে জয়পুরহাট রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া আন্তঃনগর তিতুমির এক্সপ্রেস ট্রেনটি যাওয়ার সময় বৃদ্ধ মজিবর রহমান রেললাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন।
“ওই সময় পাশে থাকা আমিনুল চিৎকার দিয়ে তাকে বাঁচাতে এগিয়ে গেলে দুজনই ট্রেনের সামনে পড়েন। এতে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মজিবর রহমান নিহত হন।
“আমিনুল ইসলামকে জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করার পর বিকালে সেখানে তারও মৃত্যু হয়।”
ময়নাতদন্তের পর লাশ নিহতদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি আনোয়ার।
