শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে ছোট নৌযান চলাচল বন্ধ
বৈরী আবহাওয়ায় পদ্মায় উত্তাল হয়ে ওঠায় শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে যাত্রীবাহী লঞ্চ, স্পিডবোট এবং ডাম্প ফেরি চলাচল বন্ধ রয়েছে।
রোববার দুপুর থেকে শিমুলিয়া ঘাট থেকে এসব ছোট নৌযান বন্ধ করে দেওয়া হয়।
বিআইডব্লিউটিএর মাওয়া বন্দর কর্মকর্তা মো. মহিউদ্দিন জানান, পদ্মা উত্তাল ও আবহাওয়া খারাপ থাকায় দুপুর ২টা থেকে লঞ্চ চলাচল ঝুকিপূর্ণ তাই উভয় পার থেকে লঞ্চসহ সিবোট ও ট্রলার চলাচল বন্ধ রাখা হয়েছে।
বিআইডব্লিটিসির সহকারী মহাব্যবস্থাপক এসএস আশিকুজ্জামান জানান, বৈরী আবহাওয়া ও পদ্মা উত্তাল থাকায় ছয়টি ড্রাম ফেরি বন্ধ রয়েছে। তবে তিনটি রোরো ফেরিসহ ১০টি ফেরি দিয়ে বাস-ট্রাক ও প্রাইভেটসহ জনসাধারণ পারাপার করছে।
শিমুলিয়া নদী বন্দরের ট্রাফিক ইন্সপেক্টর তোফাজ্জল হোসেন বলেন, পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় বন্ধ নৌযান চালু করা হবে।
