২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে জলজট, ভুগছে চট্টগ্রাম

চার দিনের টানা বৃষ্টিতে বিভিন্ন সড়কে হাঁটু থেকে কোমর পানি জমে ভোগান্তিতে পড়েছে চট্টগ্রামবাসী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2015, 05:30 PM

Updated : 12 Oct 2022, 04:06 PM

শনিবার বেলা ১২টা থেকে রোববার বেলা ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া এ বৃষ্টিতে নগরীর ষোলশহর, মুরাদপুর, মোহাম্মদপুর, চান্দগাঁও, প্রবত্তর্ক, হামজারবাগ, চকবাজার, আগ্রাবাদ এক্সেস সড়ক, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, বড়পোল, হালিশহর, পতেঙ্গা, সিমেন্ট ক্রসিং, কাঠগড় ও বাকলিয়ার বিভিন্ন এলাকায় পানি জমে যাওয়ার পাশাপাশি শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

Image
পাহাড়ের মাটি ধসে চট্টগ্রাম শিল্পকলা একাডেমির একটি কক্ষের জানালা ভেঙে পড়েছে।   

পাহাড়ের মাটি ধসে চট্টগ্রাম শিল্পকলা একাডেমির একটি কক্ষের জানালা ভেঙে পড়েছে।   

এদিকে বৃষ্টির কারণে পাহাড়ের মাটি ধসে চট্টগ্রাম শিল্পকলা একাডেমির একটি কক্ষের জানালা ও দেয়াল ভেঙে পড়েছে।   

একাডেমির কালচারাল অফিসার মোসলেম উদ্দিন শিকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, একাডেমির প্রশিক্ষণ কেন্দ্রের পেছনের পাহাড়ের মাটি ধসে সীমানা প্রাচীর ভেঙে কাদামাটি ঢুকে গেছে অফিস কক্ষে। এছাড়া দ্বিতীয় তলার জানালা ভেঙেও মাটি ঢুকেছে।

বিমানবন্দর সড়কে পানি জমে যাওয়ায় ওই পথ দিয়ে ছোট যানবাহন চলাচল করতে পারছে না। ওই এলাকার বিভিন্ন বাসা-বাড়িতেও পানি ঢুকে পড়েছে বলে বাসিন্দারা জানান।

প্রতিবছরই বর্ষা মৌসুমে চট্টগ্রামবাসীকে ভুগতে হয় বলে গত এপ্রিলে সিটি করপোরেশনের নির্বাচনে অনেক বিষয় ছাপিয়ে জলাবদ্ধতা নিরসনের বিষয়টিই ভোটার আর প্রার্থীদের আলোচনায় প্রাধান্য পায়।  

Image
বৃষ্টির মধ্যেই নগর ভবনে এসে দায়িত্ব বুঝে নেন মেয়র আ জ ম নাছির উদ্দিন

বৃষ্টির মধ্যেই নগর ভবনে এসে দায়িত্ব বুঝে নেন মেয়র আ জ ম নাছির উদ্দিন

জলাবদ্ধতার যন্ত্রণা থেকে বন্দরনগরীর মানুষকে মুক্তি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মেয়র নির্বাচিত হওয়া আ জ ম নাছির উদ্দিনও রোববার দায়িত্ব গ্রহণ করতে সিটি করপোরেশন কার্যালয়ে ঢোকেন বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে।

পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা ফরিদ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগামী ২৪ ঘণ্টা বৃষ্টি চলার সম্ভাবনা আছে।”

সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম সমুদ্র বন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে বলে জানান তিনি।