২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মতিঝিলে বিলবোর্ড ভেঙে পড়ে পথচারী আহত

রাজধানীর ব্যস্ততম মতিঝিল এলাকায় একটি বিলেবোর্ড ভেঙে পড়ে এক পথচারী আহত হয়েছেন। বিলবোর্ডটি স্থাপনের সময় নিয়ম মানা হয়নি বলে অভিযোগ উঠেছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2015, 05:17 PM

Updated : 12 Oct 2022, 04:06 PM

রোববার বিকাল ৪টার দিকে শাপলা চত্বরে সোনালী ব্যাংকের বিপরীত কোনের ওই বিলবোর্ডটি ভেঙে পড়ে বলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।

মতিঝিল থানার ওসি ফরমান আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “লোহার তৈরি এই বিলবোর্ডটি মূল রাস্তায় ভেঙে পড়লে একজন পথচারী সামান্য আহত হন এবং একটি রিকশা ক্ষতিগ্রস্ত হয়।”

আহত ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার পরিচয় জানা যায়নি।

বিলবোর্ডটি সড়কের উপর পড়ায় ব্যস্ততম ওই এলাকায় যান চলাচলে ব্যাঘাত ঘটে। তখন পুলিশ রে‌কার দিয়ে টেনে কিছুটা সরিয়ে নেয়। পরে সিটি কর্পোরেশনের কর্মীরা গিয়ে টুকরা টুকরা করে রাস্তা থেকে বিলবোর্ডটি সরিয়ে ফেলে।

পুলিশ জানায়, লোহার মোটা পাইপের উপর লোহার এঙ্কেল দিয়ে তৈরি এই বিলবোর্ডটি গোড়া থেকেই মাটিসহ উপড়ে পড়ে।

বিলবোর্ডেটিতে বিকাশের বিজ্ঞাপন ছিল। এই বিজ্ঞাপন ‘অ্যাড ফ্রেম’ নামে একটি বিজ্ঞাপনী সংস্থার মাধ্যমে দেওয়া হয়েছিল বলে ব্র্যাক ব্যাংকের মোবাইল ব্যাংকিং শাখার কর্মকর্তারা জানিয়েছেন।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মমিনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিজ্ঞাপনী সংস্থাটি সিটি কর্পোরেশন থেকে অনুমতি নিলেও নিয়ম মেনে বিলবোর্ডটি স্থাপন করেনি।

“যেখানে ১০ ফুট গভীরে লোহার মোটা পাইপটি স্থাপন করার কথা সেখানে ৬ ফুট করেছে, যা তাৎক্ষণিকভাবে তদন্ত করে জানা গেছে।”

ঘটনার পরপরই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে কথা বলেন ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মমিনুল। ওই বিজ্ঞাপনী প্রতিষ্ঠানের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হবে বলেও জানান তিনি।

এ বিষয়ে বিকাশের বিপণন বিভাগের প্রধান আসিফ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিজ্ঞাপনী সংস্থার মাধ্যমে আমরা বিজ্ঞাপন দিয়েছিলাম। ঘটনার পর তারা জানিয়েছে, কাঠামোগত কোনো দুর্বলতা ছিল না।”

চুক্তি অনুযায়ী বিলবোর্ডের রক্ষণাবেক্ষণসহ সব দায়-দায়িত্ব বিজ্ঞাপনী সংস্থার বলে জানান তিনি।

প্রথমে অ্যাড ফ্রেমের নাম এলেও পরে বিকাশ কর্মকর্তা আসিফ বলেন, অ্যাড ফ্রেম নয়, তারা শুনকা অ্যাড-এর কাছ থেকে বিলবোর্ডটি নিয়েছিলেন। 

এদিকে অ্যাড ফ্রেম- এর মালিক টিপু এরই মধ্যে এই ঘটনাকে ‘দুঃখজনক’ মন্তব্য করে বলেছেন, দুর্ঘটনায় যিনি বা যারা আহত হয়েছেন, তাদের সব চিকিৎসার দায়িত্ব তারা নেবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সারা দেশে আমাদের প্রায় দেড়শ এ ধরনের বিলবোর্ড আছে, প্রতিটি নিয়মানুযায়ী তদারক করা হয়। তবে এটি কেন ঘটল, তা এ মুহূর্তে বলা যাচ্ছে না।”