কর বাড়েনি বরিশাল সিটি কর্পোরেশনে
নতুন কোন করারোপ ছাড়াই বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ৪২৩ কোটি ২১ লাখ ৬৪ হাজার ৫৫৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।
রোববার নগর ভবনে চলতি অর্থবছরের জন্য প্রস্তাবিত এ বাজেট ঘোষণা করেন সিটি মেয়র আহসান হাবিব কামাল।
বাজেট ঘোষণার সময় সিটি মেয়র আহসান হাবিব কামাল বলেন, “বাজেটে নতুন কোন কর আরোপের প্রস্তাব করা হয়নি।
“ব্যাপক ভৌত অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ ও সেবার মান উন্নীত করার পরিকল্পনা রয়েছে।
“এছাড়া অনগ্রসর জনগোষ্ঠী ও সামাজিক উন্নয়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।”
প্রস্তাবিত বাজেটে রাজস্ব ব্যয় ধরা হয়েছে ১০৮ কোটি ৩১ লাখ ৭০ হাজার ৫৫৬ টাকা।
সরকারি অনুদান ও বিদেশী সাহায্যে উন্নয়ন খাতে ব্যয় ধরা হয়েছে ৩১৪ কোটি ৮৯ লাখ ৯৪ হাজার টাকা।
একই সঙ্গে ২০১৪-১৫ অর্থ বছরের সংশোধিত বাজেট উপস্থাপন করা হয়।
২০১৪-১৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট প্রণয়ন করা হয়েছিল ৪০৭ কোটি ৮৮ লাখ ৯৪ হাজার ৯৭৫ টাকা। তা সংশোধিত আকারে দাড়িয়েছে ১৪৭ কোটি ৪৭ লাখ ১০ হাজার ১৯৬ টাকা।
বাজেট ঘোষণাকালে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রনজিৎ কুমার দাস সহ প্যানেল মেয়র, কাউন্সিলরবৃন্দ ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।
