২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় স্বামী হত্যা: জবানবন্দি দিলেন স্ত্রী

মাগুরার শ্রীপুর উপজেলার রায়নগর গ্রামে আরজ আলী হত্যার ঘটনায় আদালতেও জবানবন্দি দিয়েছেন তার স্ত্রী।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2015, 05:05 PM

Updated : 22 Aug 2022, 12:53 PM

এর আগে হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছিলেন পুলিশকে দেওয়া জবানবন্দিতে।

শনিবার বিকালে মাগুরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম ইমতিয়াজুল ইসলামের আদালতে জবানবন্দি গ্রহণ করা হয়।

গত বৃহস্পতিবার রাতে উপজেলার রায়নগর গ্রামে নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় খুন হন মৃত আতোয়ার আলী মীরের ছেলে মীর আরজ আলী।

শ্রীপুর থানার ওসি মনরুল ইসলাম জানান, “স্ত্রীর পরকিয়া প্রেমে বাধা দেওয়ার কারণে আরজ আলীকে হত্যার পরিকল্পনা করেন তার স্ত্রী।

“এরপর প্রেমিক সাইফুল ও তার তিন সহযোগীসহ বৃহস্পতিবার রাত রাত ২টার দিকে ঘুমন্ত আরজ আলীর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে ও মাথায় আঘাত করে তাকে হত্যা করে।”

ওসি আরও বলেন, পরে সাইফুল ও তার তিন সহযোগী মৃতদেহ পার্শ্ববর্তী গড়াই নদীর ধারে ফেলে দেয় বলে পুলিশের জিজ্ঞাসাবাদে স্ত্রী জানিয়েছেন।

এরপর আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন বলে জানান ওসি।

মাগুরার পুলিশ সুপার এ কে এম এহসান উল্লাহ বলেন, হত্যাকাণ্ডের সার্বিক বিষয়ে আরজ আলীর স্ত্রী পুলিশের কাছে ও আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

“প্রেমিক সাইফুলসহ অন্য আসামিদের আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

“আরজ আলীর স্ত্রীকে ঘটনা পরপরই পুলিশ গ্রে্তার করেছে।”

বর্তমানে তিনি জেল হাজতে রয়েছেন বলে জানান এসপি এহসান।