যুদ্ধাপরাধ: সাখাওয়াতের অভিযোগ আমলে নেওয়ার আদেশ ৮ সেপ্টেম্বর
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় পার্টির নেতা সাবেক সাংসদ সাখাওয়াত হোসেনসহ ১২ জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়া হবে কি না, তা জানা যাবে ৮ সেপ্টেম্বর।
রোববার বিচারপতি এম ইনায়েতুর রহিম নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আদেশের এই দিন ঠিক করে দেয়।
অভিযোগ আমলে নেওয়ার বিষয়ে এদিন প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন জেয়াদ আল মালুম। আসামিপক্ষে ছিলেন সাত্তার পাহলোয়ান।
প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ মামলার ১২ আসামির বিরুদ্ধে ৫টি অভিযোগ আনা হয়েছে।
এর মধ্যে ধর্ষণের একটি; অপহরণ করে হত্যার দুটি; অপহরণ, আটক, নির্যাতন ও অগ্নিসংযোগের দুটি অভিযোগ রয়েছে।
আসামিদের মধ্যে সাখাওয়াত, বিল্লাল, আকরাম ও অজিহার মোড়ল গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন বলে রেজিয়া সুলতানা জানান।
২০১২ সালের ৪ ফেব্রুয়ারি এই ১২ জনের বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু করে প্রসিকিউশনের তদন্ত দল। গত ১৮ জুন তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হয়।
বর্তমানে জাতীয় পার্টির ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্বে থাকা সাখাওয়াত এক সময় ছিলেন জামায়াত নেতা। ১৯৯১ সালে জামায়াতে ইসলামীর পক্ষে নির্বাচনে দাঁড়িয়ে যশোর-৬ আসন থেকে তিনি সাংসদ নির্বাচিত হন। কিন্তু মেয়াদপূর্তির আগেই জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দেন।
মাওলানা সাখাওয়াত নামে বেশি পরিচিত এই রাজনীতিবিদ বিভিন্ন সময়ে এলডিপি ও পিডিপিতেও ঘুরে এসেছেন। গত সংসদ নির্বাচনে যশোর-৬ আসন থেকে তিনি জাতীয় পার্টির মনোনয়নও পেয়েছিলেন।
পাঁচ অভিযোগ
অভিযোগ ১: যশোরের কেশবপুর উপজেলার বোগা গ্রামে এক নারীকে অপহরণ, আটক, নির্যাতন এবং ধর্ষণ।
অভিযোগ ২: একই উপজেলার চিংড়া গ্রামের চাঁদতুল্য গাজী ও তার ছেলে আতিয়ারকে অপহরণ, আটক, নির্যাতন ও হত্যা।
অভিযোগ ৩: কেশবপুরের চিংড়া মো. নুরুদ্দিন মোড়লকে অপহরণ, আটক, নির্যাতন।
অভিযোগ ৪: কেশবপুরের হিজলডাঙার আ. মালেক সরদারকে অপহরণ, আটক, নির্যাতন ও খুন।
অভিযোগ ৫: কেশবপুরের মহাদেবপুর গ্রামের মিরন শেখকে অপহরণ, আটক, নির্যাতন এবং ওই গ্রামে অগ্নিসংযোগ ও লুণ্ঠন।
