‘বেবী আপা ছিলেন আমাদের দ্বিতীয় মা’
পেশাগত জীবন, লেখালেখি, রাজনীতি, সমাজসেবা আর নিজ সন্তানদের নিয়ে একাকী জীবনের দীর্ঘপথ পাড়ি দেওয়া সাংবাদিক বেবী মওদুদ তার ছোট ভাই-বোনদের কাছেও ছিলেন অন্য স্থানে।
শনিবার বড় বোনের প্রথম মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে এসে প্রয়াত এই সাংবাদিকের ছোট ভাই আজিমুল হক বলেন, “বড় আপা জীবনভর আমাকে এতটাই আদরে শাসনে রেখেছেন যে, সবাই তাকে আমার দ্বিতীয় মা বলত। ছোট অন্য ভাই-বোনদেরও তিনি একইভাবে স্নেহ মমতা দিতেন।”
বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর মসজিদের ইমাম হাফেজ মনির হোসেনের পরিচালনায় বেবী মওদুদের ধানমণ্ডির বাসভবনে এই দোয়া মাহফিল হয়।
দোয়া অনুষ্ঠানে বেবী মওদুদের নয় ভাই-বোনের মধ্যে সবার বড় প্রকৌশলী রাজিউল হক ছাড়াও বাংলাদেশ বিমানের সেলস ম্যানেজার মাহবুবুল হক, পরিকল্পনা মন্ত্রণালয়ের আইটি পরামর্শক হিসাবে কর্মরত আজিমুল হক, রওশন নাহার মনিরা খাতুন উপস্থিত ছিলেন।
বেবী মওদুদের বড় ছেলে রবিউল হাসান অভী ও ছোট ছেলে শফিউল হাসানও উপস্থিত ছিলেন।
ভাই বোনের মধ্যে তৃতীয় ছিলেন বেবী মওদুদ। দ্বিতীয় ভাই বিচারপতি মারযি-উল হক ও বোন মাহবুবা খাতুন মারা গেছেন। দুই ভাই হাফিজুল হক ও আল মামুন ইমতিয়াজুল হক সিডনি প্রবাসী।
আজিমুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনেক ভাই বোনের সংসারে উনিই আমাদের সর্বক্ষণ আগলে রেখেছেন।
“দেখতে দেখতে এক বছর হয়ে গেল। এখনও উনি জীবনের সঙ্গেই জড়িয়ে আছেন। আজ সারাদিন বাসা থেকে বের হতেই পারিনি।”
বেবী মওদুদ (ফাইল ছবি)
দোয়া মাহফিলে বেবী মওদুদের ছোট ভাই আজিমুল হক (বাঁয়ে)
“আমার বিয়েটাও উনিই দেন। বাসায় যাওয়ার পর একদিন আনিসুজ্জামান স্যার আপাকে তার মেয়ের জন্য ছেলে খুঁজে দিতে বলেন। জবাবে আপা বলেন, আমার ভাইয়ের জন্যইতো মেয়ে খুঁজছি। এভাবেই আমার বিয়ে হয়ে যায়।”
বড় বোনের স্নেহমিশ্রিত শাসনের কথা স্মরণ করে তিনি বলেন, “কোনো কারণে উনার রাগ হলে হয়তো বলতেন, এই তুই বাসা থেকে বের হ। আমিও হয়তো চলে যেতাম। সকালে এই ঘটনা, হয়তো বিকালেই জরুরি খবর পাঠিয়ে বাসায় নিয়ে যেতেন।
“আমার বিয়ের পর উনি বললেন, তুমি বিয়ে করেছো, বাসা থেকে চলে যাও। এভাবেই ১৯৮৯ সালে আপার বাসা থেকে চলে যাই।
“প্রচণ্ড ব্যক্তিত্বসম্পন্ন এই মানুষটা আমাদের এত স্নেহ, এত মমতা দিয়েছেন! নিজের অনেক কষ্ট উনি নিজের মাঝেই রাখতেন। ২০০০ সালের দিকে উনার ক্যান্সারের প্রথম অপারেশন হয়। সেবার অসুস্থতার খবরও আমরা অনেক পরে জানতে পারি।”
মায়ের প্রতি বেবী মওদুদের দায়িত্বশীলতার কথা তুলে ধরে তার ছোট ভাই আজিমুল হক বলেন, “বড়দের প্রতিও তিনি দায়িত্বশীল ছিলেন। প্রায়ই তিনি মায়ের কাছে চলে আসতেন। মাও তার কাছে চলে যেত। তাদের দুজনের মাঝে ভিন্ন মাত্রার একটা সম্পর্ক ছিল। একই বাসায় না থেকেও মায়ের অসুস্থতার সময়ে তিনিই সবচেয়ে বেশি খবরাখবর রাখতেন, যত্ন নিতেন।”
দোয়া মাহফিলে বেবী মওদুদের বড় ভাই রাজিউল হক (বাঁয়ে)
বেশ কিছু দিন ক্যান্সারে ভুগে গত বছর ২৫ জুলাই ৬৬ বছর বয়সে মারা যান বেবী মওদুদ। মৃত্যুর আগ পর্যন্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সোশ্যাল অ্যাফেয়ার্স এডিটর ছিলেন তিনি।
প্রয়াত এ সাংবাদিকের স্মরণে শুক্রবার জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক স্মরণসভার আয়োজন করে সাংবাদিক সমাজ। এতে সভাপতিত্ব করেন অধ্যাপক আনিসুজ্জামান।
বেবী মওদুদ জন্মগ্রহণ করেন ১৯৪৮ সালের ২৩ জুন, কলকাতায়। বাবা আবদুল মওদুদ ছিলেন একজন বিচারপতি। আর মায়ের নাম হেদায়েতুন নেসা।
আনুষ্ঠানিক নাম এ এন মাহফুজা খাতুন হলেও সবাই তাকে চিনতেন বেবী মওদুদ নামে। সাদামাটা পোশাকের স্নেহময়ী এই নারী সহকর্মীদের কাছে ছিলেন বেবী আপা।
১৯৬৭ সাল থেকে সাংবাদিকতায় যুক্ত বেবী মওদুদ দৈনিক সংবাদ, বিবিসি, দৈনিক ইত্তেফাক, বাসস ও সাপ্তাহিক বিচিত্রায় দীর্ঘদিন কাজ করার পর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে যোগ দেন।
মুক্তিযুদ্ধের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকার দিনগুলোতেই পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সদস্য হিসেবে ছাত্র রাজনীতিতে যুক্ত হন বেবী মওদুদ।
১৯৭১ সালে বাংলায় স্নাতক ডিগ্রি পাওয়ার আগে ১৯৬৭-৬৮ সময়ে রোকেয়া হল ছাত্রী সংসদের সদস্য হিসাবেও দায়িত্ব পালন করেন তিনি। বিয়ের প্রায় এক যুগের মাথায় ১৯৮৪ সালে বেবী মওদুদের স্বামী অ্যাডভোকেট মো. হাসান আলীর মৃত্যু হয়।
নব্বইয়ের দশকে যুদ্ধাপরাধীদের শাস্তির দাবিতে ঘাতক দালাল নির্মূল কমিটির আন্দোলনেও তিনি ছিলেন সোচ্চার।
নবম জাতীয় সংসদে বেবী মওদুদ আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসন থেকে সংসদ-সদস্য নির্বাচিত হন। সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি এবং লাইব্রেরি কমিটির সদস্য হিসাবেও তিনি দায়িত্ব পালন করেন।
সাংবাদিকতার পাশাপাশি বিভিন্ন বিষয়ে নিয়মিত লেখালেখিতে যুক্ত ছিলেন বেবী মওদুদ। লিখেছেন শিশু-কিশোরদের জন্যও।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ সম্পাদনাতেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
