২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীতলক্ষ্যায় গোসল করতে গিয়ে স্কুলছাত্রের মৃত্যু

গোসল করতে গিয়ে গাজীপুরের কাপাসিয়া এলাকায় শীতলক্ষ্যা নদীতে ডুবে এক স্কুল ছাত্র নিহত হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2015, 10:00 PM

Updated : 22 Aug 2022, 12:52 PM

শনিবার সন্ধ্যায় নিহত স্কুল ছাত্র আখিয়ার জামানের (১৪) লাশ উদ্ধার করে ডুবুরিরা। সে নরসিংদীর মনোহরদি থানার হাতিরদিয়া এলাকার মোল্লা তরিকুজ্জামানের ছেলে এবং প্রধানমন্ত্রীর সাবেক মূখ্য সচিব মোল্লা ওয়াহিদুজ্জামানের ভাতিজা।

কাপাসিয়া থানার ওসি আহসান উল্লাহ্ জানান, নরসিংদীর হাতিরদিয়া সা’দত আলী উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র আখিয়ার জামান ঈদের ছুটিতে বৃহস্পতিবার গাজীপুরে কাপাসিয়ার দস্যুনারায়ণপুরে নানা জসিম সরকারের বাড়ি বেড়াতে যান।

শনিবার দুপুরে বন্ধুদের সঙ্গে সে নানা বাড়ির পার্শ্ববর্তী শীতলক্ষ্যা নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়।

এলাকাবাসী নদীতে দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি।

পরে নরসিংদী ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে তল্লাশি চালিয়ে সন্ধ্যায় তার লাশ কাপাসিয়া মধ্যপাড়া এলাকায় ওই নদী থেকে উদ্ধার করে।