বঙ্গবন্ধু সেতুতে গতি নির্ণায়ক বসলেও দেখার লোক নেই
সিরাজগঞ্জে মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে যন্ত্র বসানো হলেও ট্রাফিক পুলিশ না থাকায় আইন লঙ্ঘন করেও পার পেয়ে যাচ্ছেন চালকরা।
শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের সহকারী নিরাপত্তা ব্যবস্থাপক রফিকুল ইসলাম জানিয়েছেন, শুক্রবার ও শনিবার ঘটনাস্থলে ট্রাফিক পুলিশ না থাকায় মামলা দেওয়া সম্ভব হয়নি। তবে চালকদের সর্তক করা হয়েছে।
“গতি নির্ণয়কের বিষয়টি জানাজানি হওয়ায় চালকরাও সর্তক অবস্থায় যানবাহন চালাচ্ছে। যে কারণে দুর্ঘটনাও কমে আসছে।”
তিনি জানান, যন্ত্র বসার প্রথম দুই দিন বুধ ও বৃহস্পতিবার ২৫টি যানবাহনের নামে মামলা করা হয়। এরমধ্যে ২৩টি বাস ও দুটি প্রাইভেটকার রয়েছে।
তবে শুক্র ও শনিবার সেখানে কোনো ট্রাফিক পুলিশ ছিল না।
এছাড়াও মহাসড়ক থেকে বেশ কিছু ভটভটি, অটোরিকশা ও ইজিবাইক চালককে সর্তক করে ছেড়ে দেওয়া হয় বলে জানান বঙ্গবন্ধু সেতুর ওই কর্মকর্তা।
বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থেকে ব্যাটারি চালিত ভ্যান আটক করে নিয়ে যাচ্ছে পুলিশ।
বঙ্গবন্ধু সেতুর রক্ষণাবেক্ষণের দায়িত্বে নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠানের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, মন্ত্রণালয়ের নির্দেশে মহাসড়কের দুর্ঘটনা প্রবণ এলাকা চিহ্নিত করে চারটি স্থানে সড়ক বিভাজক নির্মাণে নকশা করা হয়েছে। সে মোতাবেক বৃহস্পতিবার থেকে জরিপ চলছে।
দু-একদিনের মধ্যে নকশা চূড়ান্ত করে তা মন্ত্রণালয়ে পাঠানো হবে বলেও জানান তিনি।
মহাসড়কের দুর্ঘটনা প্রবণ এলাকায় সড়ক বিভাজক নির্মাণে জরিপ কাজ করছে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ।
এর আগে ও পরে একই স্থানে দুর্ঘটনায় ৩০ জন এবং এই মহাসড়কের বানিয়াগাতিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে পাঁচ জনের প্রাণহানি ঘটে।
এ অবস্থায় গত মঙ্গলবার সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঘটনাস্থল পরিদর্শন করে ঢাকা-আরিচা মহাসড়কের আদলে দুই মাসের মধ্যে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় থেকে নলকা পর্যন্ত দুর্ঘটনা প্রবণ এলাকার চারটি স্থানে সড়ক বিভাজক নির্মাণের প্রতিশ্রুতি দেন।
