২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা থেকে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

মানিকগঞ্জের হরিরামপুরে নদীতে ডুবে যাওয়ার একদিন পর এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2015, 08:27 PM

Updated : 25 Apr 2022, 01:38 PM

শনিবার সকালে উপজেলার কলাগাছিয়া এলাকায় পদ্মা নদী থেকে শিহাব হোসেন (১৮) নামে ওই তরুণের লাশ উদ্ধার করা হয়।

শিহাব বরিশাল সদর উপজেলার আটহাজারি গ্রামের আবুল কালামের ছেলে। তিনি ঢাকার দক্ষিণ কমলাপুরের একটি মোটরসাইকেল গ্যারেজে কাজ করতেন।

হরিরামপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল বাশার সবুজ জানান, ঈদের ছুটিতে শিহাব হরিরামপুরের খালপাড় বয়রা গ্রামে তার বন্ধু আবদুল আলীমের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন।

শুক্রবার দুপুরে বন্ধুকে নিয়ে পদ্মা নদীতে গোসলে নেমে ডুবে যান শিহাব।

শনিবার সকালে লাশ ভাসতে দেখে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করে পুলিশ।

হরিরামপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য লাশ মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার জপসা ইউনিয়নের চরকোটাপাড়া গ্রামের পাশে কীর্তিনাশা নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

স্থানীয় কয়েকজন জানিয়েছেন, দুপুরে নদীতে অর্ধগলিত লাশটি ভেসে যেতে দেখে স্থানীয় লোকজন নড়িয়া থানায় খবর দেয়। পুলিশ এসে লাশটি উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ওই যুবকের পরনে ছিল লুঙ্গি। তবে ভেতরে কালো রঙের থ্রিকোয়ার্টার প্যান্ট ছিল। আর গায়ে ছিল নীল রঙের টিশার্ট।

নড়িয়া থানার ওসি (তদন্ত) পারভেজ আহম্মেদ সেলিম বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।