চার জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ১২
দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ১২ জন প্রাণ হরিয়েছেন। আহত হয়েছেন অন্তত ২২ জন।
গোপালগঞ্জে মাইক্রোবাসের সাত আরোহী, কক্সবাজারে বাস ও জীপের সংঘর্ষে দুজন, মানিকগঞ্জে ট্রাক ও টেম্পোর সংঘর্ষে দুজন এবং কুমিল্লায় অটোরিকশা উল্টে একজন নিহত হয়েছেন।
শনিবার সকালে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় গ্যাড়াদিয়ায় ও কুমিল্লার দাউদকান্দিতে এবং দুপুরে কক্সবাজারের চকরিয়া উপজেলার উত্তর হারবাং-এ ও গোপালগঞ্জের কাশিয়ানীতে এসব দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
গোপালগঞ্জ
কাশিয়ানী থানার ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন, গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের সঙ্গে সংঘর্ষে একটি মাইক্রোবাসের সাত আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছে আরও আটজন।
শনিবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের ভাটিয়াপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত চারজন পুরুষ এবং তিনজন নারীর সবাই মাইক্রোবাসের যাত্রী।
নিহতরা হলেন- মাইক্রোবাস চালক ফরিদপুরের হানিফ (২৮), নড়াইলের নড়াগাতির বাবু শেখ (৪৫), কালিয়ার তানিয়া (৩০), লোহাগড়ার মেহেদী বেগম ও মিজানুর রহমান (৫০)। নিহত অন্য দুজনের পরিচয় পাওয়া যায়নি।
দুর্ঘটনায় আহত পলাশ, জামাল, জুয়েল, রিতা, আজিজ, বিপ্লবকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি মনিরুল।
কক্সবাজার
চকরিয়া থানা পুলিশের ওসি প্রভাস চন্দ্র ধর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ২টার দিকে উত্তর হারবাং এলাকায় কক্সবাজারগামী একটি বাস ও একটি ম্যাজিক গাড়ি হিসেবে পরিচিত জীপের সংঘর্ষ হয়। এতে ছয়জন আহত হন।
আহত অন্যরা হলেন জহুর আলম (৩০), নুর নবী (২৮), শফিউল ইসলাম (২৮) ও আবদুল গফুর (৩২)।
হারবাং হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই ফয়েজুর জানান, নিহতদের মৃতদেহ চকরিয়া হাসপাতালে রয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি হারবাং হাইওয়ে পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে।
মানিকগঞ্জ
মানিকগঞ্জের সিংগাইর থানার ওসি মো. সৈয়দুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার বেলা সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জ-সিঙ্গাইর সড়কের গ্যাড়াদিয়া এলাকায় ট্রাক ও টেম্পোর সংর্ঘষে সাতজন আহত হন।
“এলাকাবাসী তাদের মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে টেম্পো যাত্রী মেহের আলীর (৪৫) মৃত্যু হয়।
“ উন্নত চিকিৎসার জন্য দুপুরে চালক সুজন মিয়াকে (২৮)ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখান তার মৃত্যু হয়।”
তবে আহত বাকি পাঁচজন মানিকগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের পরিচয় জানাতে পারেননি ওসি সৈয়দুজ্জামান।
কুমিল্লা
দাউদকান্দি থানার ওসি আবু সালাম মিয়া বলেন, শনিবার দুপুরে উপজেলার গৌরীপুর-মতলব সড়কের নৈয়ার এলাকায় সিএনজি চালিত অটোরিকশা উল্টে ঘটনাস্থলে এক যুবক নিহত হন। আহত হয়েছেন আরও পাঁচজন।
নিহত মো. রিয়াদ (১৮)চাঁদপুরে মতলব দক্ষিণ উপজেলার মনিগাঁও গ্রামের শাহ আলম মিয়ার ছেলে।
আহতদের স্থানীয় গৌরীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি আবু সালাম ।
