২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে ভারি বর্ষণে নিম্নাঞ্চল পানিবন্দি-পাহাড় ধস

বান্দরবানে টানা চারদিনের ভারি বর্ষণ ও পাহাড়ি ঢলে সাংগু ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিভিন্ন উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2015, 08:13 PM

Updated : 12 Oct 2022, 04:05 PM

শনিবার বৃষ্টিতে লামা, রুমা ও নাইক্ষ্যংছড়ি উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হওয়ার পাশাপাশি বিভিন্ন স্থানে পাহাড় ধস হয়েছে বলে জানান জেলা প্রশাসক মিজানুল হক চৌধুরী।

এছাড়া সাংগু নদীর পানি বেড়ে সদর উপজেলার বড়পুল এলাকায় বান্দরবান-রাঙ্গামাটি সড়কের একটি বেইলি ব্রিজ তলিয়ে যায়।

আর পাহাড়ি ঢলে চট্টগ্রামের কেরানীহাট-বান্দরবান সংযোগ সড়কের বাজালিয়া এলাকার কয়েকটি স্থান পানিতে তলিয়ে যায়

Image
চারদিনের টানা বর্ষণে ও ঢলে বান্দরবানের রুমা উপজেলায় পাহাড় ধস

চারদিনের টানা বর্ষণে ও ঢলে বান্দরবানের রুমা উপজেলায় পাহাড় ধস

এসব সড়কে দূরপাল্লার যান চলাচল করতে পারলেও শনিবার সকাল থেকে অটোরিকশা, মাহেন্দ্রসহ ছোট ছোট যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

ফলে মানুষের ভোগান্তি বেড়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বান্দরবান বাস মালিক সমিতির সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ।

সরেজমিনে দেখা যায়, সাংগু ও মাতামুহুরী নদীর পানি বৃদ্ধি পেয়ে বান্দরবান শহরের ইসলামপুর, আর্মিপাড়া, উজানিপাড়া, মধ্যমপাড়া, ক্যচিংঘাটা ওয়াপদা ব্রিজ, লাঙ্গিপাড়া এবং লামা পৌরসভা এলাকার নিম্নাঞ্চলের পরিবারগুলো পানিবন্দি হয়ে পড়েছে।

এছাড়া পাহাড় ধসে লামা পৌর এলাকার পাশাপাশি এ উপজেলার আজিজনগর ইউনিয়নের মিশনপাড়া, রুমা উপজেলার আশ্রমপাড়া ও প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকা এবং নাইক্ষ্যংছড়ির পূর্ব বাইশারী ও শহরের বেশ কয়েকটি এলাকায় অন্তত ৩০টি কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়।

Image
চারদিনের টানা ভারি বর্ষণে বান্দরবানে লামা পৌর এলাকায় বন্যা

চারদিনের টানা ভারি বর্ষণে বান্দরবানে লামা পৌর এলাকায় বন্যা

তবে এসব ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি বলে জেলা প্রশাসক মিজানুল জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “পাহাড় ধসে প্রাণহানির আশঙ্কায় পাহাড়ের পাদদেশে বসবাস করা লোকজনকে নিরাপদ স্থানে সরে যেতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হয়েছে।”

বান্দরবান বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী প্রবীর কুমার সাহা জানান, টানা বর্ষণে বিদ্যুতের ৩৩ কেবির সঞ্চালন লাইনে ত্রুটি দেখা দেওয়ায় রোয়াংছড়ি ও চেমীডলু পাড়া এলাকায় দুদিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।