প্রেমিকার বিয়ে হওয়ায় তরুণের ‘আত্মহত্যা’
রাজধানীর মতিঝিলের এজিবি কলোনি থেকে এক তরুণের মৃতদেহ উদ্ধার করা হয়েছে, প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ায় তিনি আত্মহত্যা করেছেন বলে তার এক বন্ধু জানিয়েছে।
মৃত মিজানুর রহমান (১৮) এ বছর নটরডেম কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন। সিরাজগঞ্জের ছেলে মিজানুর এজিবি কলোনির একটি ফ্ল্যাটে ‘সাবলেট’ থেকে লেখাপড়া করতেন।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে এজিবি কলোনির এফ/৪৮/৪ নম্বর বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান।
“নিজের ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝূলন্ত অবস্থায় তার মৃতদেহ পাওয়া যায়।”
মিজানের বন্ধু মাহমুদুন্নবী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কয়েকদিন আগে প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ায় মিজান আত্নহত্যা করেছে। মেয়েটির সঙ্গে তার দেড় বছরের প্রেমের সম্পর্ক থাকলেও সে অন্য আরেকখানে বিয়ে করেছে।”
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বর্জ্রবালা গ্রামের রমযান আলীর দুই ছেলে ও এক মেয়ের মিজান সবার ছোট ছিলেন বলে পুলিশ কর্মকর্তা মোজাম্মেল জানান।
