২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু

ভোটার তালিকা হালনাগাদের কাজ উদ্বোধন করে তথ্য সংগ্রহের ক্ষেত্রে নির্ভুলতার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজ রকিব উদ্দীন আহমদ।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2015, 06:06 PM

Updated : 12 Oct 2022, 04:05 PM

পুরনো খবর:

ভোটারযোগ্যদের তথ্য সংগ্রহ শনিবার থেকে

শনিবার  সকালে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমিতে সারাদেশে চতুর্থবারের মতো ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম উদ্বোধন করেন তিনি।

বাড়ি বাড়ি গিয়ে ২০১৮ সালের ১ জানুয়ারিতে ভোটারযোগ্য নাগরিকদের তথ্য সংগ্রহের এই কাজ আগামী বছরের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ৫১৪ উপজেলায়।

অর্থাৎ যাদের বয়স ১৫ থেকে ১৭ হয়েছে, তারাও এবার তথ্য সংগ্রহের আওতায় আসবে।

বর্তমানে ৯ কোটি ৬২ লাখের বেশি নাগরিক ভোটারের তালিকায় রয়েছেন। ২০১৮ সালে এই সংখ্যা আরও ৭২ লাখ বাড়বে বলে মনে করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যে সিইসি তথ্য প্রদানকারী ও সংগ্রহকারীদের সতর্কতার সঙ্গে তথ্য আদান প্রদানের আহ্বান জানিয়ে বলেন, “নির্ভুল তথ্যের ভিওিতে জাতীয় পরিচয়পত্র স্মার্ট কার্ড প্রদান করা হবে, যা প্রত্যেককেই সঠিকভাবে হেফাজত করতে হবে।”

এখনও যারা জাতীয় পরিচয়পত্র পাননি, তাদের হাতে তা তুলে দিতে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

যারা ভোটার, তাদের দ্বিতীয়বার নাম তালিকাভুক্ত না করতেও পরামর্শ দেন কাজী রকিব।

তিনি বলেন, “দ্বৈত ভোটার হওয়া শাস্তিযোগ্য অপরাধ। কেউ এর চেষ্টা করলে সহজেই তা শনাক্ত করা সম্ভব। দ্বৈত ভোটার চিহ্নিত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

বর্তমান তালিকায় থাকা নাম কিংবা স্থান সংশোধন করতে চাইলে নির্ধারিত ফরম পূরণ করে উপজেলা নির্বাচন কার্যালয়ে আবেদন করতে বলেন সিইসি।

নির্বাচন কমিশন সচিব মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম হিরু, নির্বাচন কশিনের অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান, ঢাকা বিভাগীয় কমিশনার জিল্লার রহমান, জাতীয় পরিচয়পত্র অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান, নরসিংদীর জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান, পুলিশ সুপার আমেনা বেগম বক্তব্য রাখেন।

নির্বাচন কমিশনার আবদুল মোবারক, মোহাম্মদ শাহনেওয়াজও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

পরে সিইসি শহরের ১৮৬/১ বিলাসদীতে ভোটার তালিকার তথ্য সংগ্রহের কাজ পরিদর্শন করেন।