২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেন ইঞ্জিনের বাইরে বসে যাত্রা, পড়ে নারীর মৃত্যু

আন্তঃনগর রংপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের বাইরে বসে ঢাকায় আসার পথে গাজীপুরের কালিয়াকৈরে গাছের ডালের ধাক্কা খেয়ে পড়ে গিয়ে এক নারী নিহত ও তার স্বামীসহ দুজন আহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2015, 05:59 PM

Updated : 22 Aug 2022, 12:52 PM

নিহত মাজেদা বেগম (৩৫) নওগাঁর রাণীনগর উপজেলার বাহাদুরপুর গ্রামের রজব আলীর স্ত্রী।

কালিয়াকৈরের রতনপুর স্টেশন মাস্টার আব্দুর রহমান জানান, শনিবার দুপুরে উপজেলার ভাউমান টালাবহ এলাকায় রাজশাহী-জয়দেবপুর রেলপথের এ দুর্ঘটনা ঘটে।

আহত রজব আলী (৫০) ও টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার সিরাজকান্দি মিকরাইল এলাকার হোসাইন আহমেদ (৩৫) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

নিহত মাজেদার ছেলে ট্রেন যাত্রী সম্রাট বলেন, শনিবার সকালে মা-বাবাসহ তারা তিনজন বগুড়ার সান্তাহার রেলস্টেশন থেকে রংপুর এক্সপ্রেসে ওঠেন।

দুপুরে যাত্রীবোঝাই ট্রেনটি ভাউমান টালাবহ এলাকায় এলে রেলপথ ঘেষে থাকা একটি গাছের ডালের ধাক্কায় ইঞ্জিনের পাশে বাইরে থাকা এক যাত্রীসহ তার বাবা ট্রেন থেকে পড়ে গিয়ে আহত হন।

তবে ডালটির ধাক্কায় তার মা মাজেদা গুরুতর আহত হয়ে ইঞ্জিনের পাশের রেলিংয়ের সঙ্গে ঝুলে থাকেন। এভাবে রতনপুর স্টেশন এলাকায় এলে ট্রেনের রেলিং থেকে তিনি নিচে পড়ে যান।

পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন উল্লেখ করে সম্রাট বলেন, আগেই ট্রেন থেকে পড়ে যাওয়া তার বাবা রজব ও যাত্রী হোসাইনকে স্থানীয়রা উদ্ধার কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।