২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সিগারেট বাকি না দেওয়ায়’ খুন

সিগারেট বাকি না দেওয়ায় লালমনিরহাটে হামলায় একজন নিহত ও পাঁচ জন আহত হয়েছে।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2015, 05:48 PM

Updated : 25 Apr 2022, 01:38 PM

নিহত তাইজুল হোসেন (২২) সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের উত্তর মন্ডল পাড়ার আব্দুল সামাদ মন্ডলের ছেলে।

আহতরা হলেন, তাইজুলের সহোদর চার ভাই, রেজাউল (৩২), ফারুক (২৮), আরিফ (২৬), আতাউর (৩৪) ও জায়েদুল (৩৮)।

ঘটনাটি উল্লেখ করে লালমনিরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ কুমার রায় জানান, এ ঘটনায় জড়িত সন্দেহে তিন জনকে আটক করা হয়েছে । তবে মামলার স্বার্থে তাদের নাম জানাননি।

শুক্রবার সন্ধায় জেলার সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের সিন্দুরমতি বাজারে এই হামলার ঘটনাটি ঘটে।

নিহত তাইজুলের চাচা দুলাল মন্ডল জানান, লিমন ও লিটন দীর্ঘদিন ধরে তাদের কাছে চাঁদা আদায় করে আসছিল। সিগারেট বাকি না দেওয়ায় এবং পাওনা টাকা চাইতে গিয়ে এ হামলার ঘটনা ঘটে।

ঘটনার বিবরণ দিয়ে তাইজুলের আহত ভাই  জায়েদুল বলেন, “উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের পশ্চিম মন্ডলপাড়া গ্রামের ফরিদ মন্ডলের ছেলে নাজমুল হাসান লিমন তার ভাই লিটন ও ওই এলাকার তাজুল, এরশাদুল, মুকুল ও ফরিদ আমার ভাই আতাউর রহমানের কাছে দীর্ঘদিন ধরে চাঁদা দাবি করে আসছিল।

“বৃহস্পতিবার বিকেলে লিমন সিন্দুরমতি বাজারে আতাউরের দোকানে গিয়ে সিগারেট বাকিতে কিনতে চায়।”

এতে আতাউর অপরাগতা জানালে এবং লিমনের কাছে পূর্বের পাওনা ৩৮০০ টাকা চাইলে মেরে ফেলার হুমকি দেয় লিমন।

পরদিন শুক্রবার সন্ধ্যায় লিমন ও তার ভাই লিটনসহ আরও ১০/১২ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে আতাউরের ওপর হামলা চালায়।

এতে তিনিসহ আতাউর, তার আরো চারভাই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে লালমনিরহাট সদর হাসপাতালে নিলে কর্মরত চিকিৎসক তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

সেখানে শুক্রবার রাত দেড়টার দিকে চিকিত্সাধীন অবস্থায় তাইজুল মারা যান।

নিহতের পরিবারের সদস্যরা হামলায় জড়িত বলে যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন তাদের সঙ্গে যোগাযোগ করা বলা সম্ভব হয়নি।