টঙ্গীতে স্মরণসভা শেষে সড়কে নামল শিক্ষার্থীরা
বাসচাপায় নিহত শিক্ষার্থীর স্মরণসভায় যোগ দিতে এসে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ওভারব্রিজ ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন করেছে সফিউদ্দিন সরকার একাডেমির শিক্ষার্থীরা।
শনিবার বেলা ১২টার দিকে গাজীপুর মহানগরীর টঙ্গী কলেজ গেইটের সামনে তারা এই মানববন্ধন করেন।
গত ২২ জুলাই সফিউদ্দিন সরকার একাডেমির প্রাক্তন ছাত্র ও নটরডেম কলেজের প্রথম বর্ষের ছাত্র মো. জাকির হোসেন বাসচাপায় নিহত হন।
একাডেমির সাবেক ছাত্র মো. মোশারফ হোসেন জানান, সকালে একাডেমিতে তার স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। পরে ওই সড়কের উপর একটি ফুট ওভারব্রিজ নির্মাণের দাবিতে তারা মানববন্ধন করেন।
এক পর্যায়ে শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করলেও টঙ্গী থানার পুলিশ শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
টঙ্গী থানার ওসি (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, শিক্ষার্থীরা মিলাদ মাহফিল শেষে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মানববন্ধন করে। পরে তারা ১৫ মিনিটের মতো সড়ক অবরোধ করে রাখে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
