২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজন হত্যা: আয়াজ আলী ৩ দিনের রিমান্ডে

সিলেটের কুমারগাঁওয়ে শিশু সামিউল আলম রাজনকে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার আয়াজ আলীকে জিজ্ঞাসাবাদে তিন দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে আদালত।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2015, 05:00 PM

Updated : 12 Oct 2022, 04:06 PM

শনিবার বিকেলে সিলেটের মহানগর হাকিম শাহেদুল করিম তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) আব্দুল আহাদ জানান, মামলার তদন্ত কর্মকর্তা ও সিলেট গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তালুকদার আয়াজ আলীকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন।

শুনানি শেষে আদালত আসামিদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।

এর আগে শনিবার ভোরে সদর উপজেলার কুমারগাঁও শেখপাড়া এলাকা থেকে আয়াজ আলীকে (৪৫) গ্রেপ্তার করা হয়।

এ মামলায় গ্রেপ্তার অন্য আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা সুরঞ্জিত তালুকদার।

গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে শিশু রাজনকে পিটিয়ে হত্যা করে কয়েকজন যুবক। পরে ওই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তারা ইন্টারনেটে ছড়িয়ে দেয়।

রাজনকে হত্যার পর লাশ গুম করার সময় কুমারগাঁও এলাকায় মুহিত আলম নামে একজনকে আটক করে পুলিশে দেয় স্থানীয়রা।

পরে মুহিত, তার ভাই কামরুল ইসলাম ও আলী হায়দার এবং ময়না মিয়া চৌকিদারের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

এ ঘটনায় মুহিতের স্ত্রী লিপি বেগম, দুই প্রত্যক্ষদর্শী আজমত উল্লাহ ও ফিরোজ আলীসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সাত জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

মুহিতের ভাই সৌদি প্রবাসী কামরুল ঘটনার পর সেদেশে পালিয়ে গেলেও প্রবাসীরা তাকে আটক করে সৌদি পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাকেও দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।