২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বর্ষণ-ঢলে মুহুরী নদীর বাঁধে ফাটল, ৬ গ্রাম প্লাবিত

ভারী বর্ষণ ও ভারতীয় পাহাড়ি ঢলে মুহুরী নদীর বাঁধের ফুলগাজীর সাহাপাড়া ও উত্তর দৌলতপুর অংশে ফাটল ধরে ছয়টি গ্রাম প্লাবিত হয়েছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2015, 04:52 PM

Updated : 12 Oct 2022, 04:06 PM

শনিবার দুপুরে মুহুরী বাঁধের সাহাপাড়া অংশে ২০ মিটার ও উত্তর দৌলতপুর অংশে ৩০ মিটার ভেঙে যায়।

ফেনীর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রমজান আলি প্রমানিক জানান, ভারী বর্ষণ ও ভারতীয় পাহাড়ি ঢলে শুক্রবার রাত থেকে মুহুরী নদীর পানি বিপদসীমার ৮০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।

শনিবার দুপুরে প্রবল জোয়ারে চাপে মুহুরী বাঁধের সাহাপাড়া অংশে ২০ মিটার ও উত্তর দৌলতপুর অংশে ৩০ মিটার ভেঙে যায়। দুপুরে নদীর পানি ৪০ সেন্টিমিটার কমে বিপদসীমার ৪০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

ফুলগাজী সদর ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেন জানান, মুহুরী বাঁধ ভেঙে ফুলগাজী উপজেলার উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর, বৈরাগপুর, ঘনিয়ামোড়া, কিসমত ঘোনিয়া মোড়া ও উত্তর বরইয়া গ্রামের বিশাল এলাকা প্লাবিত হয়েছে। পানি ঢুকে এসব গ্রামের কাঁচা ও আধাপাকা ঘরের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।

পানিতে ভেসে গেছে শতাধিক মাছের ঘের। তলীয়ে গেছে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়ক। এ সড়কের ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় সকাল থেকে ছোট যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে।

জেলা আবহওয়া কর্মকর্তা মো. কবির হোসেন জানান, শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার দুপুর পর্যন্ত আবহওয়া অফিস ফেনীতে রেকর্ড পরিমাণ ১৮৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড় করেছে।

ফেনী পৌরসভার কাউন্সিলর ওমর ফারুক ভূঞা বেলাল জানান, মুষলধারে বৃষ্টিতে হওয়ায় ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়ক, হায়দার ক্লিনিক সড়ক, রামপুর ভূঞা বাড়ি সড়ক, একাডেমী সড়ক, কলাবাগান সড়ক, শান্তি কোম্পানী সড়কসহ শহরের বিভিন্ন সড়ক প্লাবিত হয়েছে। বাড়ি ঘর ও দোকান পাটে পানি জমে যাওয়ার পাশাপাশি শহরে যানচলাচল বিঘ্নিত হচ্ছে।

শহরের ডাক্তার পাড়ার বাসিন্দা সাবিনা ইয়াসমিন জানান, সকালে ঘুম ভেঙে দেখেন ঘরের ভেতর পানি ঢুকে পড়েছে। পানিবন্দী অবস্থায় কষ্ট করে রান্না করতে হচ্ছে তাকে।

এদিকে ফেনীর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রমজান আলি প্রমানিক জানান, বৃষ্টিবন্ধ না হলে বাঁধের ভেঙে যাওয়া অংশ মেরামত করা সম্ভব হবে না। ওই দুটি অংশ ছাড়া ঝুঁকিপূর্ণ আরো চাটি অংশে বাঁধের ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে।