রাজশাহীতে বিলে শাপলা তুলতে নেমে ২ শিশুর মৃত্যু
রাজশাহীর মোহনপুরের একটি বিলে শাপলা ফুল তুলতে গিয়ে ডুবে মারা গেছে দুটি শিশু।
মোহনপুর থানার ওসি আবদুল হামিদ জানান, শনিবার সকালে উপজেলার মর্গার বিলের পশ্চিমবিলা এলাকায় এ মৃত্যুর ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে মমিনুল ইসলাম (০৯) স্থানীয় গোপইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। সে গোপইল গ্রামের মৃত নায়েব সর্দারের ছেলে।
নিহত অন্য শিশু খাদিজা খাতুন (১০) একই স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী এবং স্থানীয় আনারুল ইসলামের মেয়ে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি বলেন, সকালে নবিউল ও নাসিমা নামে দুই শিশুর সঙ্গে মমিনুল ও খাদিজা তাল গাছের তৈরি একটি নৌকায় করে ওই বিলে শাপলা তুলতে যায়।
“হঠাৎ ডোঙ্গাটি ডুবতে শুরু করলে নবিউল ও নাসিমা সাঁতার কেটে কোনোক্রমে বিলপাড়ে উঠে আসতে পারলেও মমিনুল ও খাদিজা পানিতে ডুবে যায়।”
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মোহনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মোহনপুর থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানান তিনি।
