৩ বার ট্রেন লাইনচ্যুত হওয়ার পর প্রকৌশলী চাকরিচ্যুত
লাইন সংস্কারের অভাবে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন থেকে রায়পুর স্টেশন পর্যন্ত রেলপথে পরপর তিনবার ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ দুর্ঘটনায় পড়ার দায়িত্বশীল রেল কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সিরাজগঞ্জ রেলওয়ের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী আশরাফ উদ্দিনকে সাময়িক বরখাস্তের কথা শনিবার সাংবাদিকদের জানিয়েছেন রেলের রাজশাহী বিভাগীয় প্রধান প্রকৌশলী মো. মাহবুবুল হক বকশী।
কয়েকদিনের দুর্ঘটনার পর এই দুটি স্টেশনের মাঝামাঝি প্রায় ২ কিলোমিটার রেলপথ সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ কারণে আগামী ১৫ দিন এ পথে ট্রেন চলাচল বন্ধ থাকবে। এই সময়ে সিরাজগঞ্জ-ঢাকাগামী ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ এবং সিরাজগঞ্জ-ঈশ্বরদীগামী লোকাল ট্রেনটি রায়পুর স্টেশন থেকে চলাচল করবে।
শুক্রবার সকালে তৃতীয়বারের মতো সিরাজগঞ্জ এক্সপ্রেস লাইনচ্যুত হলে পশ্চিমাঞ্চল রেলের উচ্চপর্যায়ের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।
শনিবার পরিদর্শনকালে মাহবুবুল হক বলেন, “দায়িত্ব অবহেলার অভিযোগে আশরাফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।”
দুর্ঘটনার তদন্তে একটি কমিটিও করেছে রেল কর্তৃপক্ষ। পশ্চিমাঞ্চল রেলের (পাকশী) বিভাগীয় প্রকৌশলী মনিরুল ইসলাম ফিরোজীকে প্রধান করে গঠিত কমিটির সদস্যরা হলেন রাজশাহী বিভাগীয় ট্রান্সপোর্ট অফিসার শওকত জামিল মহসিন ও বিভাগীয় কারিগরী প্রকৌশলী কামরুজ্জামান।
এই রেলপথ প্রসঙ্গে প্রকৌশলী মাহবুব বলেন, “বৃষ্টিতে স্লিপারের নিচের মাটি সরে যাওয়ায় ট্রেনটি লাইনচ্যুত হচ্ছে।”
সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ের কড্ডায় অবস্থিত শহীদ এম মনসুর আলী স্টেশনের লাইনের সঙ্গে সংযুক্ত মোট ১০ কিলোমিটার রেল লাইন সচল করতে সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তিনি।
