বৃষ্টিতে জলমগ্ন চট্টগ্রাম নগরী
সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে টানা দ্বিতীয় দিনের মত ভারি বর্ষণে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।
বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টি শুক্রবার সারাদিন ধরে হওয়ার পর বিরতিহীনভাবে শনিবার দুপুর পর্যন্ত চলে।
বৃষ্টির কারণে জহুর আহমেদ স্টেডিয়ামে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকার টেস্ট খেলাটি পরিত্যক্ত হয়।
শনিবার সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ২৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পতেঙ্গা আবহাওয়া অফিস।
এর আগে শুক্রবার সকাল পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল ২১২ মিলিমিটার। গত দুই দিনে মোট ৪৬৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
এদিকে দীর্ঘ ছুটি শেষে সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালে নগরীর বেশ কিছু মূল সড়কে পানি জমে যাওয়ায় ভোগান্তিতে পড়েন নগরবাসী।
মুরাদপুর, মোহাম্মদপুর, জিইসি মোড়, অক্সিজেন মোড়, হামজারবাগ, আগ্রাবাদ এক্সেস সড়ক, আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, বড়পোল, হালিশহর ও বাকলিয়ার কয়েকটি এলাকা, পতেঙ্গা ও কঠগড়েরর কিছু এলাকায় এবং সিইপিজেড মোড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়।
সকালের দিকে এসব এলাকায় পানির পরিমাণ ছিল বেশি। পানি জমে যাওয়ায় পথে নেমে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী ও গাড়ি চালকরা।
নগরীর ৩ নম্বর রুটের গাড়ির চালক মো. রফিক বলেন, “সকালের দিকে মুরাদপুর মোড়ে বেশি পানি ছিল। সাড়ে ১০টার দিকে পানি কিছুটা কমেছে।”
সিইপিজেডে একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা অজয় মিত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইপিজেড মোড়ে পানি জমে ছিল। এরকম আগে কখনও দেখিনি।”
পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা বিশ্বজিত চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মৌসুমী বায়ু সক্রিয় থাকায় কমপক্ষে আগামী দুই দিন বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
