২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় ড্রামের ভেতর তরুণীর লাশ

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক তরুণীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2015, 01:57 AM

Updated : 22 Aug 2022, 12:52 PM

শুক্রবার সন্ধ্যায় কাশীপুর ইউনিয়নের মধ্য নরসিংহপুরে রাস্তার পাশের একটি ডোবায় ভাসতে থাকা ড্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

অজ্ঞাতপরিচয় তরুণীর বয়স আনুমানিক ২০ বছর।

ফতুল্লা মডেল থানার এসআই আমির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কাশীপুর ইউনিয়নের মধ্যনরসিংহপুরে রাস্তার পাশের ডোবায় নীল রংঙের বড় একটি ড্রাম ভাসতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। ড্রামটি ডোবা থেকে তোলার পর ভেতরে এক তরুণীর লাশ পাওয়া যায়।

একটি কাঁথা দিয়ে লাশটি পেঁচিয়ে ড্রামের ভেতরে ভরে রাখা হয়েছিল বলে জানান তিনি।

“লাশের হাত-পা বাঁধা ছিল। তরুণীর পরনে ছিল সালোয়ার এবং কামিজ। গায়ের রঙ ফর্সা।”

অন্য কোথাও হত্যার পর গুম করার উদ্দেশ্যে লাশটি এখানে ফেলে দেওয়া হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

“৪-৫ দিন আগের হওয়ায় লাশে পচন ধরেছে। লাশের গলার বাম পাশে একটি আঘাতের চিহ্ন রয়েছে,” বলেন এসআই আমির হোসেন।