জাফলংয়ে নিখোঁজ একছাত্রের মৃতদেহ উদ্ধার
সিলেটের জাফলংয়ের পিয়াইন নদীতে নিখোঁজ দুই ছাত্রের মধ্যে একজনের মৃতদেহ উদ্ধার হয়েছে।
শুক্রবার রাত সাড়ে ১১টায় লাশটি উদ্ধার করা হয়।
মরদেহটি এহসানুল হক অন্তুর বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ওসি। তবে এখনো নিখোঁজ রয়েছেন সোহাগ ঘোষ (১৮)।
ওসি আব্দুল হাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাশ ভেসে উঠলে স্থানীয় লোকজন ও ডুবুরি দল মরদেহটি উদ্ধার করে।
বুধবার বিকেল ৪টার দিকে জাফলং পর্যটনকেন্দ্রের জিরো পয়েন্টে পিয়াইন নদীতে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হন ঢাকার ওয়ারী এলাকার শংকর ঘোষের ছেলে সোহাগ ঘোষ (১৮) এবং একই এলাকার সানু উল্লাহর ছেলে এহসানুল হক অন্তু (১৮) ।
সোহাগ ঢাকার কবি নজরুল কলেজের একাদশ শ্রেণি ও এহসানুল হক অন্তু উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের দ্বাদশ শ্রেণির ছাত্র।
চারবন্ধুসহ ঢাকার ওয়ারী থেকে জাফলং বেড়াতে এসেছিলেন তারা।
সিলেট ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপপরিচালক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার বিকেল থেকেই স্থানীয় ডুবুরিদের সহায়তায় ফায়ার সার্ভিসের ডুবুরিদল নিখোঁজদের সন্ধানে কাজ করে যাচ্ছে।
