দুর্ঘটনার তদন্ত কমিটি কাজের না: সড়কমন্ত্রী
বাংলাদেশে সড়ক দুর্ঘটনার পর তদন্ত কমিটিগুলো দায়সারাভাবে গঠন করায় সেগুলো কোনো কাজে আসে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার নারায়ণগঞ্জের শিমরাইল মোড়ে ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক ৮ লেন তৈরির কাজ পরিদর্শনে এসে এসব কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, “দুর্ঘটনার পরে যেসব তদন্ত কমিটি গঠন করা হয়, তার বাস্তব উপযোগিতা আছে বলে মনে হয় না। এই তদন্ত কমিটিটা করতে হয় দায়সারা গোছেরভাবে। এই তদন্ত কমিটিতে কোনো কাজ হচ্ছে না। ”
ঈদের পর গত দুদিনে দেশের বিভিন্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় ৪০ জনের বেশি প্রাণহানি ঘটেছে; হতাহত হয়েছে শতাধিক মানুষ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচএ) হিসাবে, ২০১৩ সালে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় প্রতি লাখ জনসংখ্যায় প্রায় ১৩ জনের মৃত্যু হয়।
সরকারি হিসাবে বাংলাদেশে সড়ক দুর্ঘটনা ও নিহতের সংখ্যা দুই হাজারের সামান্য বেশি।
তবে বেসরকারি সংস্থা বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির হিসাবে, ২০১৪ সালে বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় মারা গেছে প্রায় সাড়ে আট হাজার মানুষ; দুর্ঘটনা ঘটে প্রায় ছয় হাজার।
এসব দুর্ঘটনার পর কারণ তদন্তে কমিটি করা হলেও বেশির ভাগ ক্ষেত্রেই দায়ীদের কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি।
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, প্রচলিত আইনের ফাঁক-ফোকর গলে অপরাধীরা বেরিয়ে যায়, অপরাধীদের বিচার হয় না।
“এজন্য সড়ক দুর্ঘটনায় দায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে ১৯৮৩ সালের মোটরযান অধ্যাদেশকে আইনে পরিণত করে চলতি বছরই তা সংসদে পাস করা হবে।”
ঈদের পরে সড়কের অবস্থা ‘ভালো’ দাবি করে মন্ত্রী বলেন, “সড়কে যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে এগুলোকে ‘সড়ক দুর্ঘটনা’ বলবো না, এগুলো ‘রোড ক্র্যাশ’।”
বঙ্গবন্ধু সেতুর পশ্চিম প্রান্তে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, “কক্সবাজার থেকে সৈয়দপুর পর্যন্ত একজন চালকের পক্ষে গাড়ি চালাতে গেলে এ ধরণের ঘটনাকে আমি স্বাভাবিক বলবো।
“কারণ চালক তখন ঘুমে ঢুলুঢুলু অবস্থায় থাকে। এই অবস্থায় দূর পাল্লায় একজন চালক রাখা হয়। সেও তো একজন মানুষ সেও তো ক্লান্ত ও পরিশ্রান্ত হবে এবং সেটাই হয়েছে। বেপরোয়া গাড়ি চালাচ্ছিল।”
মন্ত্রী বলেন, সড়ক-মহাসড়কে ১৪৪টি দুর্ঘটনা প্রবণ বাক চিহ্নিত করে সেগুলোর জন্য ১৬৫ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার ৫০ শতাংশ কাজ শেষ করা হয়েছে। বাকিগুলোর দরপত্র সম্পন্ন হয়েছে।
তিনি বলেন, “সড়ক দুর্ঘটনার জন্য দায়ী অটোরিকশা ও নসিমন। এগুলোর বিরুদ্ধে আগামী ১ অগাস্ট থেকে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
