লঞ্চে চাপ লেগে যাত্রীর পা বিচ্ছিন্ন
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে লঞ্চে চাপ লেগে এক যাত্রীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে।
শুক্রবার দুপুরে ‘নাহার’ নামের লঞ্চে এ দুর্ঘটনা ঘটে বলে লৌহজং থানার ওসি মফিজুর রহমান জানান।
আনুমানিক ৫৫ বছর বয়সী ওই ব্যক্তির নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
আহত ব্যক্তিকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে বলে লঞ্চ কর্তৃপক্ষ জানিয়েছে।
ঘটনার পর লঞ্চের সুকানি মো. সামসুল হককে আটক করা হয় বলে জানান মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইউনুস।
তবে, লৌহজং থানার ওসি মফিজুর রহমান জানান, এ ঘটনায় কোনো মামলা না হলে আটক সুকানিকে ছেড়ে দেওয়া হবে।
সুকানি সামসুল হক সাংবাদিকদের বলেন, “আমি মাঝিকান্দি ঘাট থেকে যাত্রী নিয়ে শিমুলিয় ঘাটে এসে লঞ্চ নোঙর করার সময় ওই যাত্রীর পা পিছলে লঞ্চের ‘আরনি’ ও পন্টুনের সঙ্গে চাপ লাগে।
“এতে প্রচণ্ড চাপে তার বাম পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।”
এতে তার কোনো দোষ নেই বলে দাবি করেন সুকানি সামসুল।
তাকে পার্শ্ববর্তী শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে বলে জানান তিনি।
এ ব্যাপারে ‘নাহার’ লঞ্চের মালিক ভাস্কর চৌধুরী বলেন, “ওই যাত্রী তাড়াহুড়া করে লঞ্চ থেকে নামার সময় এ দুর্ঘটনার শিকার হয়। এতে আমার লঞ্চের সুকানির কোনো দোষ নেই।”
