গোপালগঞ্জে দুই মামলায় আসামি ২৯০, গ্রাম পুরুষ শূন্য
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বর্ণি ইউনিয়নে অধিপত্য বিস্তার নিয়ে দুই চেয়ারম্যানের সংঘর্ষের মামলা হওয়ার পর বর্ণি পূর্বপাড়া গ্রাম ছেড়ে পালিয়েছে পুরুষরা।
টুঙ্গিপাড়া থানার এসআই ইকরাম হোসেন জানান, বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে পৃথক দুটি মামলায় এ গ্রামের ২৯০ জনকে আসামি করা হয়।
সরেজমিনে ওই গ্রামে গিয়ে দেখা যায়, শুধু মহিলা ও শিশুরা বাড়িতে রয়েছে। কোনো পুরুষ নেই।
বর্নি গ্রামের মর্জিনা বেগম বলেন, গত বুধবারের সংঘর্ষের সময় স্বপ্না বেগম নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয় এবং পুলিশের উপর হামলার ঘটনা ঘটে।
এ ঘটনায় মামলা হওয়ার পর থেকেই এ গ্রামের পুরুষরা বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছে বলে জানান তিনি।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত বুধবার (২২ জুলাই) সকালে বর্ণি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়।
সংঘর্ষে বর্ণি মধ্যপাড়া গ্রামের এক নারী নিহত ও টুঙ্গিপাড়া থানার পাঁচ পুলিশ সদস্যসহ অন্তত ৩৫ জন আহত হয়।
ওই ঘটনার পর বর্ণি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান খালিদ হোসেন জমাদ্দার ও সাবেক চেয়ারম্যান সাজেদুর রহমান মন্টুকে গ্রেপ্তার করা হয়।
