২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে সেতু ভেঙ্গে ট্রাক নদীতে, আহত ৩

নীলফামারীর জলঢাকায় বেইলি ব্রিজ ভেঙ্গে বালুবাহী ট্রাক ও মোটরসাইকেল নদীতে পড়ে তিনজন আহত হয়েছেন।

নীলফামারী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2015, 07:11 PM

Updated : 12 Oct 2022, 04:05 PM

বৃহস্পতিবার রাতে এ ঘটনার পর নীলফামারীর সঙ্গে ডোমার ও ডিমলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলে জানিয়েছেন জলঢাকা থানার ওসি দিলওয়ার হাসান ইনাম।

আহরা হলেন, ট্রাক চালক ইয়াকুব আলী (৪০), তার সহকারী সাইফুল ইসলাম রাসেল (২৫) এবং মোটরসাইকেল আরোহী ছমির উদ্দিন সুমন (২৫)।

তাদের জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ট্রাকটি এখনও উদ্ধার করা হয়নি বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষর্দশীদের বরাত দিয়ে ওসি দিলওয়ার হাসান বলেন, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে জলঢাকা থেকে ডোমারগামী বালুবাহী একটি ট্রাক ও একটি মোটরসাইকেল আউলিয়া খানা নদীর ‘ঝুঁকির্পূণ’ বেইলি ব্রিজে ওঠার সঙ্গে সঙ্গে পাতাটন ভেঙ্গে নদীতে পড়ে যায়।

রাত সাড়ে ১২টার দিকে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাক ও মোটরসাইকেল আরোহীদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সংসদ সদস্য গোলাম মোস্তফা ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বাহাদুর ঘটনাস্থলে গেছেন বলে জানান তিনি।

নীলফামারী সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আলম সিদ্দিকী বলেন, ট্রাকটিতে অতিরিক্ত লোড থাকায় বেইলি ব্রিজটি এ দুর্ঘটনা ঘটেছে।

শিগগিরই ব্রিজটি যান চলাচলের জন্য উপযোগী করা হবে বলে জানান তিনি।