২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি নিহতের খবর 

দক্ষিণ আফ্রিকায় এক বাংলাদেশি যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে বলে তার স্বজনরা জানিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2015, 06:51 PM

Updated : 22 Aug 2022, 12:52 PM

নিহত মো. ওয়াসিম (২১) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের আমতলী গ্রামের খায়েশ মিয়ার ছেলে।

কেপটাউন শহরে বৃহস্পতিবার রাতে কোনো এক সময় এই ঘটনা ঘটে বলে খায়েশ মিয়া জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাত মাস আগে ওয়াসিম দক্ষিণ আফ্রিকা যান। সেখানে বড় ভাই জসিমের সঙ্গে কেপটাউন শহরে বসবাস করছিলেন।

কেপটাউন শহরে জসিমের একটি ডিপার্টমেন্টাল স্টোর রয়েছে, যা দুভাই মিলে চালাতেন বলে তিনি জানান।

খায়েশ মিয়া জানান, বৃহস্পতিবার রাতে ওয়াসিমের সঙ্গে জসিম ছিলেন না, ছিলেন দোকানের এক কর্মচারী।

“শুক্রবার সকালে জসিম দোকানে গিয়ে ওয়াসিমের রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন।

“এরপর ফোনে ওয়াসিমের মৃত্যুর খবর জসিম বাড়িতে জানান।”

জসিমের বরাত দিয়ে খায়েশ মিয়া জানান, রাতে ওই কর্মচারী ওয়াসিমকে নেশা জাতীয় খাবার খাইয়ে অজ্ঞান করে গলা কেটে ও ছুরিকাঘাতে হত্যা করে।

“পরে দোকানে থাকা নগদ অর্থ ও জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।”

এ ব্যাপারে বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি তিনি শুনেছেন। বিস্তারিত জানতে ওয়াসিমের বাড়িতে লোক পাঠানো হয়েছে।

ওয়াসিমের মৃত্যুর সংবাদে আমতলী গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। ছেলেকে হারিয়ে বারবার মূর্ছা যাচ্ছেন মা স্বপ্না বেগম।