২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুকুরে ডুবে মেডিকেল ছাত্রীসহ ২ সহোদরার মৃত্যু

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে মেডিকেল কলেজ ছাত্রীসহ দুই বোনের মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2015, 05:44 PM

Updated : 22 Aug 2022, 12:52 PM

কুমারখালী থানার ওসি মহিবুল ইসলাম জানান, শুক্রবার দুপুরে মহিষাখোলা গ্রামে মারা যান স্থাণীয় আমজাদ হোসেনের মেয়ে ঝুমা (২৩) ও জুঁই (১৬)।

ঝুমা খুলনা মেডিকেল কলেজের তৃতীয় বর্ষ এবং জুঁই স্থানীয় বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্রী ছিলেন।

নিহতের পরিবারের বরাত দিয়ে ওসি জানান, ঝুমা ও  জুঁই দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যান।

“স্থানীয়রা তাদের উদ্ধার করে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ওই সময় হাসপাতালে চিকিৎসক না থাকায় তাদের স্বজনরা স্থানীয় এক ডাক্তার ডেকে আনেন বলে স্বজনরা পুলিশকে জানান।”

পরে ডাক্তার এসে তাদের মৃত ঘোষণা করেন বলে ওসি জানান।

কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার রেবেকা খান বলেন, ডাক্তার না থাকার ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে ঝুমা ও  জুঁইয়ের  মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকাবাসী স্বাস্থ্য কমপ্লেক্সে ঘেরাও করে রাখে। পরে পলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানান ওসি মহিবুল।