২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক সায়েম হত্যা: আরেকজন গ্রেপ্তার

দৈনিক সমকালের চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা প্রতিনিধি আবু সায়েম হত্যা মামলার আরেক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2015, 04:48 PM

Updated : 22 Aug 2022, 12:52 PM

বৃহস্পতিবার রাতে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আলীনগর গ্রাম থেকে সামাজুল ইসলামকে (৫০) গ্রেপ্তার করা হয় বলে মামলার তদন্ত কর্মকর্তা এসআই লুৎফুল কবির জানান।

সামাজুল ওই এলাকার মোশারফ হোসেনের ছেলে। এ নিয়ে এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হলো। এর আগে রাজিবকে গ্রেপ্তার করা হয়।

এদিকে, রাজিব হোসেনকে তিন দিনের রিমান্ড শেষে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে বলে এসআই লুৎফুল নিশ্চিত করেন।

এসআই লুৎফুল জানান, সাংবাদিক সায়েমকে হত্যা করার দুদিন আগে রাজিব ও সামাজুল ফকিরের ছদ্মবেশে সায়েমদের বাড়ি যায়। তারা সেখানে খাওয়া-দাওয়াও করে।

এছাড়া সায়েম হত্যার কিছুদিন আগে রাজিব ও তার দুই সহযোগীকে সায়েমের বাড়ির পাশের রাখাল শাহ ও চান্দু শাহর মাজারে ‘সাধুভক্ত’ বেশে ঘোরাঘুরি করতে দেখা গেছে বলেও জানান এসআই।

গত ৭ জুলাই রাত ১১টায় বাড়িতে ঢুকে এক সন্ত্রাসী আবু সায়েমকে ছুরিকাঘাত করে। ঢাকার বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন বিকালে মারা যান সায়েম।

পরদিন (৮ জুলাই) সকালে স্থানীয়দের সহায়তায় রাজিব হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

ঘটনার দুদিন পর সায়েমের স্ত্রী আফরোজা খাতুন ওরফে রেশমা জীবননগর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় রাজিব হোসেনসহ অজ্ঞাত পরিচয় আরও কয়েকজনকে আসামি করা হয়।