কুড়িল ফ্লাইওভারে দুর্ঘটনায় তরুণী নিহত
রাজধানীর কুড়িল ফ্লাইওভারে চালক নিয়ন্ত্রণ হারালে বাস থেকে পড়ে গিয়ে এক তরুণী নিহত হয়েছেন।
নিহত নাসরিন আক্তারের (১৯) বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খিলক্ষেত থানার ওসি নজরুল ইসলাম বলেন, শুক্রবার ভোরের এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
আহত বাসযাত্রীকে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে তার নাম জানাতে পারেনি পুলিশ।
ওসি নজরুল বলেন, ভোরে সুপ্রভাত পরিবহনের একটি বাস সদরঘাট থেকে উত্তরা যাচ্ছিল।পথে কুড়িল ফ্লাইওভার থেকে নিচে নামার সময় ঢালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে হঠাৎ ব্রেক করেন।
এতে নাসরিন ও আরেক পুরুষ যাত্রী গাড়ি থেকে নিচে পড়ে যান। এ সময় গাড়ির চাকা নাসরিনের ওপর দিয়ে গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পুলিশ কর্মকর্তা নজরুল আরও বলেন, বাসটি আটক করা হলেও দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়।
