ভারি বর্ষণের আভাস
রাত থেকে টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর নিচু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছে মানুষ।
আগামী ২৪ ঘণ্টা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ভারি থেকে অতি ভারি বর্ষণ চলতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার রাত ১০টা থেকে বন্দরনগরীতে শুরু হওয়া টানা বৃষ্টি শুক্রবার দুপুরেও চলছিল।
বৃষ্টি না থামায় চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকা-বাংলাদেশ প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে।
পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ আবদুল হামিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মূলত মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণেই ভারি বৃষ্টি হচ্ছে। আরও দুই একদিন বৃষ্টিপাত হতে পারে।”
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় বন্দরনগরীতে মোট ২১২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে আবহাওয়া অফিস জানিয়েছে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম অঞ্চলের আকাশ দিনের বেশিরভাগ সময় মেঘাচ্ছন্ন থাকবে। হালাকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হবে। আগামী রোববার পর্যন্ত চট্টগ্রামের কয়েকটি স্থানে ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।
রাত থেকে বর্ষণে নগরীর বহদ্দারহাট, মোহাম্মদপুর, ষোলশহর, চকবাজার, ডিসি রোড, বাকলিয়া ও হালিশহরের কিছু অংশ, আগ্রাবাদ অ্যাক্সেস সড়কসহ এর আশপাশের এলাকা, মোগলটুলির কয়েকটি সড়ক এবং পতেঙ্গার কিছু এলাকায় সকালে জলাবদ্ধতার সৃষ্টি হয়। অবশ্য বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পানি নামতে শুরু করে।
সাপ্তাহিক ছুটি ও বৃষ্টির কারণে নগরীতে যান চলাচল একেবারেই কমে গেছে।
