২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে আবারও ট্রেন লাইনচ্যুত

বৃষ্টিতে স্লিপারের নিচের মাটি সরে যাওয়ায় দুদিনের ব্যবধানে সিরাজগঞ্জে শহরে আবারও ট্রেন লাইনচ্যুত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সিরাজগঞ্জ  প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2015, 01:10 PM

Updated : 12 Oct 2022, 04:05 PM

শুক্রবার বেলা ১১টার দিকে মাহমুদপুর এলাকায় ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনের দুটি বগি লাইন থেকে বেরিয়ে যায়।

তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে সিরাজগঞ্জ রেলওয়ে থানার ওসি কামাল হোসেন জানান।

যমুনা সেতুর পর সিরাজগঞ্জের দিকে চলে যাওয়া আলাদা লাইনে এ দুর্ঘটনা ঘটায় ঢাকার সঙ্গে সিরাজগঞ্জের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। তবে উত্তরবঙ্গের অন্য জেলাগুলোর সঙ্গে রাজধানীর রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

ওসি কামাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে শহরের বাজার স্টেশন থেকে যাত্রী নিয়ে ঢাকায় যাওয়ার পথে মাহমুদপুর এলাকায় ট্রেনটি লাইনচ্যুত হয়।

“বগিগুলো উদ্ধারের জন্য ঈশ্বরদী রেলওয়ে জংশন থেকে ক্রেইন আনা হচ্ছে। বিকালের মধ্যে এ পথে ট্রেন চলাচল শুরু করা যাবে বলে আশা করা হচ্ছে।”

রেল পুলিশের ওসি বলেন, সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড়ে শহীদ এ. মনসুর আলী স্টেশন পর্যন্ত ১০ কিলোমিটার রেলপথে কোথাও পাথর নেই, স্লিপারগুলোও পচে গেছে। এর মধ্যে বৃষ্টির কারণে লাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় ঘন ঘন দুর্ঘটনা ঘটছে।

গত চারদিনে সিরাজগঞ্জ শহরের কাছে রেলপথের প্রায় এক কিলোমিটার এলাকায় ট্রেন লাইনচ্যুত হয়েছে মোট তিনবার।

গত মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে শহরের মাহমুদপুর এলাকায় একই ট্রেনের একটি বগি এবং বুধবার রাত ১০টার দিকে রায়পুর স্টেশনের কাছে ট্রেনটির ইঞ্জিন লাইনচ্যুত হয়।

ওই দুই ঘটনায় পশ্চিমাঞ্চল রেলের গঠিত তদন্ত কমিটির সদস্যরাও রেলপথে স্লিপারের নিচ থেকে মাটির সরে যাওয়াকে দুর্ঘটনার কারণ হিসেবে চিহ্নিত করেছেন।