২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে কভার্ড ভ্যান-লেগুনা সংঘর্ষ, নিহত ৫

গাজীপুর শহরের নাওজোড় এলাকায় কভার্ড ভ্যানের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত এবং আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2015, 09:50 AM

Updated : 22 Aug 2022, 12:52 PM

শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ওই এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে সালনা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই বাহার আলম জানান।

নিহতদের মধ্যে চারজন হলেন- লেগুনার চালক গাজীপুর শহরের ইটাহাটা এলাকার সাইদুর রহমান (২০) এবং তিন যাত্রী গাজীপুর শহরের ভোগড়া বাইপাস সড়ক এলাকার তমির হোসেনের স্ত্রী মনি (২৫), পটুয়াখালীর গলাচিপা থানার ছোট শিবা এলাকার সোহেল (৩০) এবং মৌলভীবাজারের বড়লেখা এলাকার সেলিনা আক্তার (৩০)।

নিহত আরেকজনের নাম জানা যায়নি। তিনি চালকের সহকারী ছিলেন। আহতরাও সবাই লেগুনার আরোহী ছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে এসআই বাহার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকাগামী একটি কভার্ড ভ্যানের সঙ্গে বিপরীত দিক থেকে আসা লেগুনাটির মুখোমুখি সংঘর্ষ হলে লেগুনাটি দুমড়ে-মুচড়ে যায়।

এতে লেগুনার চালকসহ তিনজন ঘটনাস্থলেই মারা যান।

Image
ঢাকাগামী একটি কভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায় লেগুনাটি।

ঢাকাগামী একটি কভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায় লেগুনাটি।

আহতদের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে আনার পর সেখানে একজন এবং ঢাকায় স্থানান্তরের প্রস্তুতির সময় সেলিনার মৃত্যু হয় বলে হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুস সালাম জানান।   

আহতরা হলেন- নিহত মনির স্বামী তমির (২৮), মামুন (২৫), আ. কুদ্দুস (২৫), ফখরুল ইসলাম (৩৫) ও এনামুল হক (৩৫)।

তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান চিকিৎসক।

ঈদফেরত যাত্রায় বৃহস্পতিবারও দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় ২৪ জনের প্রাণহানি ঘটে। এর মধ্যে গাজীপুরে একটি অটোরিকশায় ট্রেনের ধাক্কায় নিহত হন আটজন।