রাজন হত্যা: পুলিশের তদন্ত কমিটির প্রতিবেদন জমা
সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যাকাণ্ডের পর পুলিশের ভূমিকা তদন্তে গঠিত কমিটি প্রতিবেদন দাখিল করছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এ প্রতিবেদন দাখিল করেছে বলে জানান কমিটির প্রধান মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার রোকন উদ্দিন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২য় দফা সময় বাড়ানোর পর রাতে মেট্রোপলিটন পুলিশ কমিশনার কামরুল আহসানের নিকট ৪২৪ পৃষ্ঠার একটি প্রতিবেদন দাখিল করেছে।
ইউটিউব ভিডিও থেকে নেওয়া ছবিতে রাজনের ওপর নির্যাতনের দৃশ্য।
গত ৮ জুলাই ১৩ বছরের রাজনকে হত্যার পর মামলা করতে গেলে শিশুটির বাবার সঙ্গে দুর্ব্যবহার, মামলার অন্যতম আসামি কামরুল ইসলামের দেশত্যাগে পুলিশের গাফিলতি ও ঘটনার পর দ্রুত ব্যবস্থা না নেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে।
এরপর ১৪ জুলাই পুলিশের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখতে তিন সদস্যের এই কমিটি গঠন করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার রোকন উদ্দিনকে প্রধান করে করা তিন সদস্যের ওই কমিটির অন্যরা হলেন উপ-কমিশনার মুশফিকুর রহমান ও অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা।
তিন দিনের মধ্যে প্রতিবেদন দিলে বলা হলেও কমিটিকে এ সময় পর্যাপ্ত নয় বলে জানালে আরও পাঁচদিন সময় বাড়ানো হয়।
