শিশু অপহরণের মামলায় ৬ জনের যাবজ্জীবন
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে শিশুকে অপহরণের অভিযোগে এক নারীসহ ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
বৃহস্পতিবার দুপুরে জেলা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় ঘোষণা করেন।
দণ্ডিতরা হলেন- সোনারগাঁও উপজেলার মঙ্গলেরগাঁও এলাকার নজরুল ইসলাম, আনোয়ার হোসেন, হারুন অর রশিদ, বোরহান, বাছেদ ও মমতাজ বেগম।
রায়ে আদালত প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন বলে জানান পরিদর্শক মো. হাবিবুর রহমান।
মামলার নথি থেকে জানা যায়, ২০০০ সালের ১০ জুন সোনারগাঁও উপজেলার মঙ্গলেরগাঁও গ্রামের আলমাস আলীর ৮ বছরের ছেলে বিল্লাল হোসেন বিজয়কে অপহরণ করে আসামিরা। পরে মুক্তিপণ হিসেবে তার পরিবারের কাছে এক লাখ টাকা দাবি করে।
এই ঘটনায় বিজয়ের মা রোকেয়া বেগম বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখ করে সোনারগাঁও থানায় মামলা করেন।
