অজ্ঞান পার্টির সদস্য ১০ বছর দণ্ডিত
অজ্ঞান পার্টির এক সদস্যকে দশ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ঝালকাঠীর একটি আদালত।
বৃহস্পতিবার ঝালকাঠীর মুখ্য বিচারিক হাকিম মো. আবু শামীম আজাদ এ রায় দেন বলে জানান আদালতের সরকারি কৌঁসুলি আব্দুল মান্নান রসুল।
এছাড়া দণ্ডিতকে বিশ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই বছর সশ্রম কারাভোগ করতে হবে।
রায় ঘোষণার সময় জেলার নলছিটি উপজেলার খাগরাখানা গ্রামের আব্দুর রশিদ সিকদারের ছেলে দণ্ডিত আব্দুর রাজ্জাক আদালতে উপস্থিত ছিলেন।
অ্যাডভোকেট আব্দুল মান্নান রসুল জানান, আসামির বিরুদ্ধে প্রতারণা ও খাদ্যে রাসায়নিক দ্রব্য মিশিয়ে অজ্ঞান করার অভিযোগ প্রমাণিত হয়েছে।
অভিযোগে বলা হয়, ২০১১ সালে ৪ অগাস্ট বিকালে একই গ্রামের আমিরুল ইসলামের বাড়িতে যায় রাজ্জাক।
এক পর্যায় তিনি কৌশলে আমিরুদের বাড়ির খাবারের মধ্যে ঘুমের ওষুধ ও রাসায়নিক দ্রব্য মিশিয়ে রেখে চলে যায়।
রাতে ওই খাবার খেয়ে ওই পরিবারের সবাই অচেতন হয়ে পড়লে রাজ্জাক ঘরে ঢুকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকাসহ সাড়ে আট লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।
এ ব্যপারে আমিরুল ইসলাম নলছিটি থানায় মামলা করেন বলে জানান আব্দুল মান্নান।
