অগাস্ট থেকে মহাসড়কে অটোরিকশা বন্ধ: মন্ত্রী
অটোরিকশার কারণে বেশি দুর্ঘটনা ঘটছে দাবি করে অগাস্টের প্রথম দিন থেকে মহাসড়কে অটোরিকশা চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বৃহস্পতিবার ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ওবায়দুল কাদের বলেন, নসিমন-করিমন ও সিএনজি চালিত অটোরিকশার কারণে মহাসড়কে বেশি দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা রোধে আগামী ১ অগাস্ট থেকে মহাসড়কে এসব অটোরিকশা চলাচল বন্ধ থাকবে।
এছাড়া ওই সময় থেকে এ সকল যানবাহন বন্ধে পুলিশি অভিযান চলবে বলেও জানান তিনি
বুধবার বিকালে সিরাজদিখানের নিমতলীতে বাস ও লেগুনার সংঘর্ষে সাতজন নিহত হন, আহত হন অন্তত ১০ জন।
বৃহস্পতিবার দুপুরে সড়ক পরিবহন মন্ত্রী ওই দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।
ওবায়দুল কাদের আরও বলেন, ঢাকা-মাওয়া মহাসড়ক চার লেনে উন্নীত করার কাজ আগামী ডিসেম্বরে শুরু হবে।
এ সময় আরও ছিলেন, স্থানীয় সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ, সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মো. তারেক ইকবাল, জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ প্রমুখ।
