মাগুরার প্রবীণ সাংবাদিক দীপক রায় নেই
মাগুরার প্রবীণ সাংবাদিক দীপক রায় চৌধুরী মারা গেছেন।
বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভোগার পর বৃহস্পতিবার বেলা পৌন ৩টার দিকে মাগুরা সদর হাসপাতালে তার মৃত্যু হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। নিঃসন্তান এই সাংবাদিক মৃত্যুকালে স্ত্রী ও একমাত্র বড়ভাই রেখে গেছেন।
তার ভাইপো অ্যাডভোকেট সঞ্জয় রায় চৌধুরী জানান, রাতে মাগুরা শহরের সাতদোহা মহাশশ্নান ঘাটে তার শেষকৃত্য অনুষ্ঠান হবে।
মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শরীফ আমিরুল হাসান বুলু জানান, রাত ৮টায় মরদেহ প্রেস ক্লাবে নেওয়া হবে। এরপর নেওয়া হবে জেলা আইনজীবী সমিতিতে।
রাত ৯টার দিকে তার শেষকৃত্য অনুষ্ঠানের জন্য মরদেহ মহাশ্মশানে নেওয়া হবে বলে জানান তিনি।
মাগুরা প্রেসক্লাবের আহবায়ক দীপক রায় চৌধুরী ৯ম শ্রেণির ছাত্র থাকা অবস্থায় দৈনিক ইত্তেফাকে সাংবাদিকতা শুরু করেন।
মৃত্যুর আগ পর্যন্ত তিনি দৈনিক ইত্তেফাক ও দি ইনডিপেন্ট প্রত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
অ্যাডভোকেট দীপক রায় চৌধুরী মাগুরা জেলা আইনজীবী সমিতির সদস্যও ছিলেন।
মাগুরার ঐতিহ্যবাহী শ্রীশ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সভাপতিসহ বিভিন্ন শিক্ষা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন তিনি।
শরীফ আমিরুল হাসান বুলু জানান, ১৯৭১ সালে তিনি মুক্তিযুদ্ধের পক্ষে ব্যাপক লেখালেখি করেন। ওই সময় তার সম্পাদনায় ‘মুক্তিবার্তা’ নামে একটি প্রত্রিকা প্রকাশিত হতো।
“৭১ সালে স্বাধীনতার পক্ষে লেখালেখি ও প্রত্রিকা প্রকাশের জন্য সম্প্রতি সরকার তাকে ‘সম্মানসূচক মুক্তিযোদ্ধার’ সনদ দেয়।”
তার মৃত্যুতে জেলার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং ব্যক্তির পক্ষ থেকে শোক জানানো হয় বলে তিনি জানান।
