ঢাকার মধুবাগে তরুণ হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৬
ঢাকার মগবাজারের মধুবাগে ছুরিকাঘাতে এক তরুণকে হত্যায় জড়িত সন্দেহে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কয়েক তরুণের দ্বন্দ্বে বুধবার রাতে এই হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ জানিয়েছে।
হত্যাকাণ্ডের পর ওই এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে গ্রেপ্তারের কথা বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার মুনতাসিরুল ইসলাম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আরিফ সিকদার (২৩), মো. হৃদয়(১৪), মো. ইমরান(১৮), মো. রাহাত জামান(১৮), মো. সোহাগ মিয়া(১৮) ও আমির হোসেন(২০)।
নিহত মো. আরিফ (১৮) মৌচাক মার্কেটের একটি পাঞ্জাবির দোকানের বিক্রয়কর্মী ছিলেন। থাকতেন মধুবাগে।
বুধবার রাত ১০টার দিকে মধুবাগের দুই নম্বর গলিতে আরিফকে ছুরিকাঘাত করা হয়। বুক, পেট ও পিঠে রক্তাক্ত জখম অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিলে চিকিৎসকরা জানান, আরিফ মারা গেছেন।
ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার আবদুল বাতেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কে জুনিয়র, কে সিনিয়র- তা নিয়ে কয়েক তরুণের দ্বন্দ্বের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটেছে।
আরিফের পরিবার একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে রমনা থানার উপপরিদর্শক আবদুস সাত্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
