অভিনেতা আলী আহসান হামলায় আহত
কুষ্টিয়ায় চলচ্চিত্র অভিনয় শিল্পী আলী আহসান সেতু দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে কুমারখালী উপজেলার মহেন্দ্রপুর এলাকায় ‘রানওয়ে’ চলচ্চিত্রে অভিনয়কারী এ শিল্পীর উপর হামলা হয়।
তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে কুমারখালী থানার ওসি মহিবুল ইসলাম জানান, বেলা আড়াইটার দিকে আলী আহসান সেতু বাড়ি থেকে মহেন্দ্রপুর বাজারে তার কেবল নেটওয়ার্ক ব্যবসায় প্রতিষ্ঠানে যান।
“এর কিছুক্ষণ পর ৮/১০ জনের একটি দল তার উপর চড়াও হয়। কাঠের ব্যাট ও লোহার রড দিয়ে আঘাত করলে তার মাথা ফেটে যায়।”
পরে স্থানীয়রা তাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে বলে জানান ওসি।
ওসি মহিবুল বলেন, “আমি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছিলাম। ব্যবসায়িক বিরোধে তার উপর হামলা হয়েছে।
“আমি হাসপাতালে গিয়ে ঘটনা জেনে শুনে মামলা নেওয়া যায় কি না দেখব।”
আলী আহসান সেতু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হামলার ঘটনাস্থলের অদূরেই পুলিশ থাকলেও তারা এগিয়ে আসেনি।
তার প্রতিপক্ষ মেহেদী ও তার লোকজন এ হামলা করেছে বলে অভিযোগ করেন সেতু।
এ ব্যাপারে মেহেদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের মধ্যে বিরোধ রয়েছে ঠিক, কিন্তু হামলায় তিনি জড়িত নন।
আলী আহসান সেতু ‘রানওয়ে’ চলচ্চিত্রে আরিফ চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেছেন। এছাড়া তিনি সাংস্কৃতিক অঙ্গনের বিভিন্ন মাধ্যমে কাজ করেছেন।
