২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান হলেন রুস্তম আলী

মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত রুস্তম আলী নির্বাচিত হয়েছেন।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2015, 08:28 PM

Updated : 25 Apr 2022, 01:37 PM

মঙ্গলবার সকাল ৮টা থেকে উপজেলার ১০৫টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে। গণনা শেষে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা এডিসি সৈয়দ রবিউল ইসলাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

এতে আওয়ামী লীগ সমর্থিত রুস্তম আলী ঘোড়া প্রতীক নিয়ে ৫৫ হাজার ১৮৭ ভোট পেয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহম্মেদ বিশ্বাস মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২৭ হাজার ৯১ ভোট।

এছাড়া অন্য প্রার্থীদের মধ্যে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবু নাসির বাবলু আনারস প্রতীকে ১৮ হাজার ৪৬৩ ভোট এবং জেলা যুবলীগের সভাপতি এনামুল হক হীরক ৫৩২ ভোট পেয়েছেন।

১৩টি ইউনিয়ন এবং একটি প্রথম শ্রেণির পৌরসভা নিয়ে গঠিত মাগুরা সদর উপজেলা পরিষদের ভোটার সংখ্যা দুই লক্ষ ৫৭ হাজার ৯৯৯ জন।

গত ২২ এপ্রিল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা নাজিম উদ্দিন (৭০) ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেলে পদটি শূন্য হয়।