২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীকে পুড়িয়ে হত্যা চেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

নওগাঁর রানীনগরে স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2015, 07:58 PM

Updated : 22 Aug 2022, 12:50 PM

মঙ্গলবার উপজেলার ছয়বাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সুমন হোসেন (২৫) ওই গ্রামের দবির উদ্দিনের ছেলে।

অগ্নিদগ্ধ সাথী আকতার (২২) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

সাথী  উপজেলার বানিয়াপাড়া গ্রামের জিল্লুর রহমানের মেয়ে।

রানীনগর থানার ওসি আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরি জানান, মঙ্গলবার সকালে জিল্লুর রহমান বাদী হয়ে সুমনসহ পাঁচজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

মামলার অন্য আসামিরা হলেন, সুমনের বাবা দবির উদ্দিন (৫৫), মা জাহানারা বিবি, ভাই চঞ্চল হোসেন (২৭) ও রনি হোসেন (২৫)।

মামলার পর সুমনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান ওসি।

মামলার বরাত দিয়ে ওসি বলেন, পারিবারিক কারণে ঝগড়া বিবাদের এক পর্যায়ে গত ১৫ জুন মধ্যরাতে সাথীর শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় সুমন।  

মামলায় বলা হয়, আগুনে সাথীর শরীরের সামনের দিকে ৮০ ভাগ পুড়ে যায়। ওই রাতেই তাকে রানীনগর হাসপাতালে এবং পরদিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি জানান, বিষয়টি মীমাংসার কথা বলে একটি প্রভাবশালী চক্র ঘটনাটি বিভিন্নভাবে ধামাচাপা দেওয়া চেষ্টা করে এবং মীমাংসা না হওয়ায় সাথীর বাবা এ মামলা করেন।